প্রাইভেট গাড়ির ওপর অগ্রিম আয়কর কেন বেআইনি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট কার, জিপ ও মাইক্রোবাসের ওপর বার্ষিক অগ্রিম আয়কর আরোপের প্রজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, আইনসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
কার, জিপ ও মাইক্রোবাসের ওপর বার্ষিক অগ্রিম আয়কর আরোপের বিধান করে ২০০৯ ও ২০১২ সালে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এই দুটি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কাশেম রিট আবেদন করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।