প্রাইভেট টিউশনি, কোচিং বন্ধে আইন তৈরির কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রাইভেট টিউশনি এবং কোচিং বন্ধে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি আইন তৈরি করার কাজ চলছে। জাতীয় সংসদে গতকাল বুধবার সাংসদ তাজুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন। তিনি বলেন, কোনো বিদ্যালয় যাতে সেশন চার্জ ৭০০ টাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ফি পাঁচ হাজার টাকার বেশি না নেয় সে ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালুর জন্য আর্থিক সংশ্লিষ্টতার বিষয়টি সরকার পর্যালোচনা করছে। মাধ্যমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকসুসহ সব হলের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের চিন্তা-ভাবনা চলছে। সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এ বিষয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মতবিনিময় করেছে।এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নতুনভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির খসড়া নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ নীতিমালা-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর নীতিমালার শর্ত পূরণ ও বাজেট সংকুলান সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে।