প্রাইভেট না পড়ায় লাঠিপেটা!
প্রাইভেট না পড়ায় গাজীপুরের কালীগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. আমজাদ হোসেন সপ্তম শ্রেণীর চার ছাত্রকে লাঠিপেটা করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গলবার ওই বিদ্যালয়ের শিক্ষকদের বাসভবনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদের মধ্যে মো. ফাহিম শেখকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকি ৎ সা দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে গতকাল তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গণিতের শিক্ষক মো. আমজাদ হোসেনের কাছে সপ্তম শ্রেণীর ছাত্র ফাহিম, নাসির, হাসিবুল ও রকিবুল প্রাইভেট পড়ত। গত সপ্তাহে গণিত বিষয়ে প্রাইভেট পড়া বন্ধ করে দিয়ে তারা ওই বিদ্যালয়েরই শিক্ষক সালমা সুলতানার কাছে ইংরেজি পড়া শুরু করে। ইংরেজির শিক্ষক সালমা সুলতানা ও আমজাদ হোসেন ওই বিদ্যালয়ের আবাসিক ভবনে বসবাস করেন। মঙ্গলবার সকালে ওই চার ছাত্র ইংরেজি পড়তে যাওয়ার সময় গণিতের শিক্ষক আমজাদ হোসেন তাদের নিজের বাসায় ডেকে নেন। তারপর বাসার দরজা বন্ধ করে ছাত্রদের পেটান। বেধড়ক পিটুনিতে ফাহিমের ডান হাতের হাড় ভেঙে যায়। একপর্যায়ে আশপাশের লোকজন ছাত্রদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা ইয়াসমিন বলেন, এ ঘটনার তদন্তে গতকাল সকালে সহকারী প্রধান শিক্ষক শামছুন নাহারকে আহ্বায়ক করে তিনি সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।মুঠোফোনের সংযোগ বন্ধ থাকায় অভিযোগের ব্যাপারে শিক্ষক আমজাদ হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।