প্রাইভেট পড়তে যাওয়ার পথে কিশোর নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশাম মাহফুজ
ছবি: সংগৃহীত

ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এশাম মাহফুজ (১৩) প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ের বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ আছে।

নিখোঁজ এশাম ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলামের ছেলে।

এশামের পরিবার জানায়, সকালে শহরের কামারপট্টি সড়কে জাকির হোসেন নামের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় এশাম। এরপর থেকে সে নিখোঁজ। ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এশাম পড়তে আসেনি। পরে সহপাঠী ও স্বজনদের বাসায় খবর নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। এশাম সপ্তম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী। তার রোল নম্বর ৭।

এশামের বাবা শহিদুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এশামের মায়ের কাছে ফোন আসে। ফোনে এশামের কান্না করার শব্দ পাওয়া গেছে। পরে ফোনটি কেটে দেওয়া হয়। এরপর থেকে ওই নম্বরে কল দিলেও ফোন ধরা হয়নি। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।