প্রাইভেট পড়লে পাস, না পড়লে ফেল
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে ও তাঁর পছন্দের নিম্নমানের গ্রামার বই কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ উঠেছে, প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ে অকৃতকার্য করে দেওয়ার।ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আর এসব নিয়ে স্থানীয় শিক্ষাঙ্গনে দেখা দিয়েছে চাঞ্চল্য।জানা গেছে, রানী নিহার দেবী সরকারি উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক নাঈমুল হকের বিরুদ্ধে বিদ্যালয়টিতে যোগদানের পর থেকেই ওঠে নানা অনিয়মের অভিযোগ। এর মধ্যে রয়েছে সময়মতো শ্রেণীকক্ষে না আসা, সিলেবাস শেষ না করা, অপ্রাসঙ্গিক আলোচনা করা, শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে ও নিজ পছন্দের গ্রামার বই কিনতে বাধ্য করা এবং তাদের প্রতি অশোভন আচরণ করা ইত্যাদি। বছরের পর বছর ধরে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ চলছে। অভিযোগের ব্যাপারে গত বুধবার (৪ এপ্রিল) শিক্ষার্থীদের অভিভাবক ও সচেতন মহলের পক্ষে এইচ এম আলমগীর হোসেন নামে এক ব্যক্তি ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, পরীক্ষার আগে ওই শিক্ষকের কাছে ইংরেজি বিষয়ে প্রাইভেট না পড়লে তিনি তাদের ফেল করান। আর প্রাইভেট পড়লে পরীক্ষায় বেশি নম্বর দিয়ে পাস করান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, ওই শিক্ষক প্রকাশনা সংস্থার কাছ থেকে বড় অঙ্কের অর্থ নিয়ে শিক্ষার্থীদের নিম্নমানের গ্রামার বই কিনতেও বাধ্য করছেন। যারা এই বই না কেনে, তাদের শ্রেণীকক্ষে বেত্রাঘাত করেন। অভিযোগের বিষয়ে শিক্ষক নাঈমুল হক বলেন, ‘এটি পরশ্রীকাতরতা ছাড়া আর কিছুই নয়। এ নিয়ে দুঃখপ্রকাশ করা ছাড়া আমার কিছু বলার নেই।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীলিপ কুমার দেব বলেন, নাঈমুল হককে বিদ্যালয়ে প্রাইভেট কোচিং করানো বন্ধ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২৪ মার্চ লিখিত নোটিশের মাধ্যমে তাঁকে সতর্ক করা হয়।