প্রাইভেট পড়ানো বন্ধের দাবিতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছে। অবিলম্বে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনেরও ঘোষণা দিয়েছে তারা।বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষক প্রাইভেট পড়ানোর নামে শিক্ষার্থীদের জিম্মি করে ফেলেছেন। তাঁরা ঠিকমতো ক্লাস না নিয়ে প্রাইভেট পড়তে বাধ্য করছেন। আগে প্রতি মাসে ৩০০ থেকে ৪০০ টাকা নিয়ে প্রাইভেট পড়ালেও এখন ৮০০ থেকে এক হাজার টাকা নির্ধারণ করেছেন।জানা যায়, এই ফি কমানোর জন্য শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। এতে কোনো কাজ না হওয়ায় ১৬ জানুয়ারি ছাত্ররা প্রাইভেট পড়ানো বন্ধের জন্য অধ্যক্ষ বরাবর লিখিত দাবি জানায়। এতে সাত দিনের মধ্যে প্রাইভেট বন্ধের দাবি জানানো হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে ১০ থেকে ১৫ জন ছাত্র তাদের দাবি নিয়ে কথা বলতে অধ্যক্ষের কার্যালয়ে যায়। এ সময় অধ্যক্ষ কার্যালয়ে না থাকায় কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে কথা বলেন। ছাত্ররা প্রাইভেট ফি কমানোর জন্য শিক্ষকদের কাছে দাবি জানায়। কিন্তু শিক্ষকেরা ফি কমানো যাবে না বলে উল্লেখ করলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। অধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে তারা ইনস্টিটিউটের বেশ কয়েকটি জানালা ও দরজা ভাঙচুর করে। খবর পেয়ে বেলা পৌনে একটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস ত্যাগ করে। প্রাইভেট পড়ানো বন্ধ না হলে অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত করিম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ভাঙচুরের ঘটনা ঘটে। ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শাহজাহান আলী বলেন, ‘ছাত্রদের অভিযোগ পেয়ে আমি শিক্ষকদের ডেকে প্রাইভেট বন্ধের নির্দেশ দিয়েছি। এর পরও তারা কলেজে ভাঙচুর করে। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’