প্রাইভেট-বাণিজ্যে দিশেহারা ছাত্রী ও অভিভাবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কিছু শিক্ষক বাড়িতে কোচিং সেন্টার খুলে বসেছেন। সেখানে তাঁরা ছাত্রীদের প্রাইভেট পড়তে বাধ্য করছেন। না পড়লে দেখানো হচ্ছে পরীক্ষায় কম নম্বরের ভয়, করা হচ্ছে গালিগালাজ। খোঁজ নিয়ে জানা গেছে, এসব শিক্ষক প্রতিদিন সকালে বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগে ও বিকেলে ছুটির পর থেকে রাত দশটা পর্যন্ত প্রাইভেট পড়াচ্ছেন। প্রতিটি ব্যাচে ১৫ থেকে ২০ জন ছাত্রী পড়ানো হচ্ছে। একেকটি ব্যাচের সময় মাত্র ৪৫ মিনিট। এভাবে একজন শিক্ষক প্রতিদিন ১২টি ব্যাচ পড়াচ্ছেন। প্রতিজনের কাছ থেকে মাসিক বেতন নেওয়া হচ্ছে ৪০০-৫০০ টাকা। এভাবে একজন শিক্ষক প্রতি মাসে প্রাইভেট পড়িয়ে প্রায় ৭২ হাজার টাকা আয় করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামের এক ছাত্রী জানায়, ‘আমার বাবা দিনমজুর। মা কাঁথা সেলাই করে প্রতি মাসে আমার প্রাইভেটের ৫০০ টাকা দেন।’ এক ছাত্রীর অভিভাবক গাইবান্ধা শহরের রিকশাচালক কাসেম মিয়া (৪২) বলেন, ‘পেরাইভিট না পড়লে ছোলট্যাক নম্বোর কম দিয়্যা ফেল করি দিব্যার ভয় দেকাচে। তাঈ হামরা পেরাইভিট দিচি। সুদের উপর ট্যাকা নিয়্যা ছোলট্যাক পেরাইভিট পড়ব্যার নাগচি।’ ছাত্রীদের সূত্রে জানা যায়, মূলত বাংলা-ইংরেজি ও বিজ্ঞান শাখার শিক্ষকরা প্রাইভেট পড়ান। নাম না প্রকাশ করার শর্তে কয়েক জন ছাত্রী অভিযোগ করে, প্রাইভেট পড়ে না এমন ছাত্রীদের ক্লাসে নানা অজুহাতে গালিগালাজ ও ভয়ভীতি দেখান শিক্ষকরা। যারা প্রাইভেট পড়ে, তাদের সঙ্গে ভালো আচরণ করেন। এ প্রসঙ্গে গণিতের শিক্ষক সামছুদ্দিন মণ্ডল বলেন, ‘ছাত্রী ও অভিভাবকদের অনুরোধেই প্রাইভেট পড়াতে হয়।’ ইংরেজি শিক্ষক আবুল কালাম বলেন, ‘প্রাইভেট পড়িয়ে নয়, দীর্ঘদিনের জমানো টাকা দিয়ে শিক্ষকেরা বাড়ি করছেন। অথচ তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।’ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে প্রাইভেট না পড়াতে শিক্ষকদের সতর্ক করে দেওয়া হয়েছে।’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক চিন্ময় বাড়ৈ বলেন, ‘সরেজমিন তদন্ত করে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’