প্রাইভেটের টাকার জন্য ফেল করিয়ে দেওয়ার হুমকি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট পড়ার টাকার জন্য একজন শিক্ষক নোয়াখালী সরকারি কলেজের কিছু শিক্ষার্থীকে এইচএসসির ব্যবহারিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জাফর ইকবাল নামের ওই শিক্ষক নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সরকারি এস এ কলেজের প্রাণিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
কয়েকজন শিক্ষার্থী গতকাল শনিবার অভিযোগ করেন, শিক্ষক জাফর ইকবাল নোয়াখালী সরকারি কলেজে থাকাকালে তাঁর কাছে আইসিটি বিষয়ে প্রাইভেট পড়েছে তারাসহ দুই শতাধিক শিক্ষার্থী। ওই সময় শিক্ষক তাঁদের কাছে নির্দিষ্ট কোনো ফি চাননি। কোর্সের শেষের দিকে এসে তারা ৩ হাজার টাকা করে দিয়ে পড়া বন্ধ করে দেয়। এরই মধ্যে তিনি (জাফর ইকবাল) চৌমুহনী সরকারি এস এ কলেজে বদলি হয়ে যান। কিন্তু তিনি কখনো কোর্স ফি বাবদ আর কোনো টাকা দাবি করেননি।
শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক দিন ধরে শিক্ষক জাফর ইকবাল নিজে এবং তাঁর লোকজনকে দিয়ে ফোন করিয়ে চার হাজার টাকা করে দাবি করে আসছেন। দাবি করা টাকা না দিলে আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া প্রাণিবিদ্যার ব্যবহারিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। এ অবস্থায় এ শিক্ষক পরীক্ষায় এক্সটার্নাল (অন্য প্রতিষ্ঠান থেকে আসা পরীক্ষক) হিসেবে দায়িত্বে থাকলে তাঁদের ফলাফল খারাপ হওয়ার শঙ্কা আছে।
শিক্ষার্থীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে শিক্ষক জাফর ইকবাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের কয়েকজন কয়েক দিন আগে বকেয়া টাকা দিতে আসে। তখন তিনি তাদের বলেছেন, যাদের টাকা বকেয়া আছে, তারা যেন তাদের টাকা পরিশোধ করতে বলে দেয়। তিনি কাউকে ফোন করেননি কিংবা তাঁর পক্ষ হয়েও কেউ কোনো শিক্ষার্থীকে ফোন করেনি। ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে।
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আল-হেলাল মোশারফ হোসেন বলেন, অভিযোগটি তিনি শুনেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে কথা বলে পরীক্ষার সঙ্গে ব্যক্তিগত বিষয় গুলিয়ে না ফেলতে বলেছেন। তিনি জানান, শিক্ষক জাফর ইকবাল এই কলেজে প্রাণিবিদ্যার ব্যবহারিক পরীক্ষায় এক্সটার্নাল হিসেবে দায়িত্ব পালন করবেন।