প্রাইম ব্যাংকের এমডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
প্রাইম ব্যাংকের ৩ কোটি ৯২ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ কামাল খান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানান, কঠোর গোপনীয়তায় এ অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। অভিযোগ অনুসন্ধানে ইতিমধ্যেই ব্যাংকের এমডির কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে।
দুদকে আসা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে ভাউচার টেম্পারিং করে প্রাইম ব্যাংকের এমডি আহমেদ কামাল খান চৌধুরী ব্যাংকের তিন কোটি ৯২ লাখ ১৯ হাজার ১৪ টাকা আত্মসাৎ করেছেন।
অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট এ অভিযোগ যাচাই করে চলতি বছরের ১৩ জানুয়ারি অভিযোগটি অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেয় দুদক। অভিযোগ অনুসন্ধানে ২২ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।
২৬ ফেব্রুয়ারি প্রাইম ব্যাংকের এমডির কাছে সংশ্লিষ্ট কাগজপত্র চেয়ে চিঠি দেয় দুদক। দুদকের চাহিদা মোতাবেক আহমেদ কামাল খান চৌধুরী মার্চ মাসের শেষের দিকে যাবতীয় কাগজপত্র কমিশনে দাখিল করেন। ভাউচার টেম্পারিং সংক্রান্ত ওই সব কাগজপত্র বর্তমানে পর্যালোচনা চলছে। পর্যালোচনা শেষে আহমেদ কামাল খান চৌধুরীর বক্তব্য নেওয়ার জন্য তলবি নোটিশ পাঠানো হবে বলে সূত্রটি জানিয়েছেন।