প্রায় দুই কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্র্রাইম ব্যাংকের রিং রোড শাখার ব্যবস্থাপকসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
অভিযোগপত্রে আসামিরা হলেন, প্রাইম ব্যাংকের রিং রোড শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) গোলাম মোস্তফা, একই শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক জাহানারা বেগম, সাবেক নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম খান, আল আমীন স্টোরের মালিক নুরুল আমীন, মেসার্স আরাফাত ট্রেডার্সের মালিক আরাফাত আলী খান, মেসার্স তামান্না ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আবদুল হাই ও তাঁর স্ত্রী রওশন আরা হাই, মো. শহিদুল ইসলাম ও মো. হাবিবুর রহমান।
অর্থ আত্মসাতের ঘটনায় ২০১১ সালের ১২ অক্টোবর রাজধানীর আদাবর থানায় প্রাইম ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৪)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোজাম্মেল হোসেন হাওলাদার মামলাটির তদন্ত করেন। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, আসামি গোলাম মোস্তফা প্রাইম ব্যাংকের রিং রোড শাখার ব্যবস্থাপক থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তাঁর আত্মীয়দের বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ ঋণ দেন। ঋণ দেওয়ার সময় জামানত বা প্রয়োজনীয় নথিপত্র তিনি নেননি। ব্যবস্থাপক জাহানারা বেগম অসৎভাবে লাভবান হওয়ার উদ্দেশে কোনো যাচাইবাছাই ছাড়াই ওই সব বিধিবহির্ভূত ঋণপত্রে স্বাক্ষর করেছেন।