প্রাইম ব্যাংকের ১১ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জন ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে ১১ জন ব্যাংক কর্মকর্তা প্রাইম ব্যাংকের প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষ এ-সংক্রান্ত মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রাইম ব্যাংকের দিলকুশা শাখার কর্মকর্তাদের পাসওয়ার্ড ব্যবহার করে ভুয়া ঋণ সৃষ্টি করে মোট ৯২ কোটি ৬৫ লাখ ৩১ হাজার টাকা স্থানান্তর করার অভিযোগে অভিযুক্ত ৩০ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
অভিযোগপত্রে যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন প্রাইম ব্যাংকের দিলকুশা ইসলামী ব্যাংকিং শাখার এক্সিকিউটিভ অফিসার কামরুল আহমেদ ফেরদৌস (চাকরিচ্যুত), দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও সাবেক ক্যাশ ইনচার্জ মোহাম্মদ নুরুল আমিন, ওয়ারী শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এস এম এ মজিদ আনছারী, প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিরান হোসেন (সাময়িক বরখাস্ত), ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন (সাময়িক বরখাস্ত), মো. কামরুল ইসলাম ভূঁইয়া (সাময়িক বরখাস্ত), সাবেক ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ শামসুল আলম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সালেহ উদ্দীন (সাময়িক বরখাস্ত), ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোতাহার হোসেন (সাময়িক বরখাস্ত), ভাইস প্রেসিডেন্ট এইচ এম জাকির হোসাইন (সাময়িক বরখাস্ত) ও দিলকুশা শাখার সাবেক ব্যবস্থাপক ইজবাহুল চৌধুরী।
এ ছাড়া কাকরাইলের নিউ এসকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাজেদুর রহমান, মিরপুরের কে এস এন্টারপ্রাইজের মালিক শাহাদাত ইসলাম, মিরপুরের এসএল এন্টারপ্রাইজের মালিক কাওছার আলী খান এবং হাজারীবাগের থ্রি টেকের মালিক তসলিম আলমসহ আরও ১৫ জনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।