প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের পুলিশি তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের পুলিশি তদন্ত (ভেরিফিকেশন) শুরু হয়েছে। পুলিশি তদন্ত ছাড়া হজে যাওয়ার জন্য কেউ বিবেচিত হবেন না।

বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত কোটার প্রাক-নিবন্ধন নম্বর ১ থেকে ৮৮ হাজার ২৩৬ ক্রম (সিরিয়াল) পর্যন্ত পুলিশি তদন্ত হবে। আর সরকারি ব্যবস্থাপনায় পুলিশি তদন্ত হবে ১ থেকে ৩ হাজার ৮৪৬ ক্রম পর্যন্ত।

ইতিমধ্যে হজযাত্রীদের তালিকা সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে হজযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশি তদন্তের ক্ষেত্রে কোনো টাকাপয়সা লাগবে না।

কোনো কোনো হজ এজেন্সি পুলিশি তদন্ত করিয়ে দেওয়ার কথা বলে টাকা নিতে পারে উল্লেখ করে এ ব্যাপারে হজযাত্রীদের সতর্ক করা হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত কোটার ক্রমে (৮৮ হাজার ২৩৬) কাউকে অন্তর্ভুক্ত করার আশ্বাসে বিভ্রান্ত হয়ে টাকাপয়সা লেনদেন না করতে হজযাত্রীদের অনুরোধ করা হয়েছে।

প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর জানতে: এখানে (https://prps.pilgrimdb.org:8082/) ক্লিক করুন।

এবার পিলগ্রিম অনুসন্ধান বাটনে ক্লিক করুন।

নির্ধারিত বক্সে ট্র্যাকিং নম্বর লিখে সার্চ দিন।

সার্চ বাটনে ক্লিক করলে ট্র্যাকিং নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর, প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর, টাকা পরিশোধ, গ্রুপ, ছবি, ডেটা এন্ট্রিকারীর নাম, ই-মেইল ও মোবাইল নম্বর চলে আসবে।