প্রাক-প্রাথমিকের বই ছাপার তদারকিতে সংসদীয় কমিটি
প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য মানসম্মত পাঠ্যপুস্তক ছাপার বিষয়টি তদারকি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আগের বছর নিম্নমানের বই ছাপানোয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ বুধবার সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের বই সরবরাহ করার সুপারিশ করেছে।
কমিটি বলেছে, ২০১৫ সালে শিক্ষার্থীদের মধ্যে যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে, তার কাগজ ও ছাপার মান ছিল নিম্নমানের। ২০১৬ সালের পাঠ্যপুস্তক ছাপা যাতে উন্নত হয়, সে বিষয়ে মন্ত্রণালয়কে লক্ষ রাখতে হবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, নিম্নমানের বই যাতে ছাপা না হয় তা তদারকির জন্য কমিটির সদস্য সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক এবং নজরুল ইসলাম, আবুল কালাম, আলী আজম ও উম্মে রাজিয়াকে সদস্য করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ২০১৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপার জন্য ৯ জুন দরপত্র আহ্বান করা হয়। ২৫ জুন দরপত্র খোলা হয়। এরপর একটি মুদ্রণ প্রতিষ্ঠান এই দরপত্রের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে। মামলাটি নিষ্পত্তির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারের অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে।
কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, নজরুল ইসলাম, আবুল কালাম, আলী আজম ও উম্মে রাজিয়া উপস্থিত ছিলেন।