প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ইতিহাসনির্ভর (ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম) জাদুঘরের পাশাপাশি দেশে আরও একটি অত্যাধুনিক জাদুঘর নির্মাণ করা হবে। খবর বাসসের।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে জাতীয় জাদুঘরের চার সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুন নাহার খানম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১২-১৩ অর্থবছরের জাতীয় জাদুঘরের বার্ষিক প্রতিবেদন ও অন্যান্য প্রকাশনা হস্তান্তর করেন।
অডিট প্রতিবেদন পেশ: এর আগে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর কাছে ১৭টি অডিট প্রতিবেদন পেশ করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, সিএজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি কার্যক্রমভিত্তিক অডিট প্রতিবেদন, দুটি ইস্যুভিত্তিক অডিট প্রতিবেদন, ছয়টি বিশেষ অডিট প্রতিবেদন, ছয়টি বার্ষিক প্রতিবেদন ও দুটি অ্যাডজাস্টমেন্ট প্রতিবেদন হস্তান্তর করেন।