প্রাকৃতিক গাছগাছালি কেটে খাসজমি দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বন্দোবস্তের আবেদন অনুমোদনের আগেই বিএনপির এক নেতা সরকারি খাসজমি দখল করেছেন। প্রাকৃতিক গাছগাছালি কেটে ওই জায়গায় আগরগাছের চারা লাগানো হয়েছে।সংশ্লিষ্ট ভূমি কার্যালয় সূত্র জানায়, বড়লেখা পৌর শহরের বারইগ্রাম এলাকার বাসিন্দা মুজিবুর রহমান ফলের বাগান করার জন্য দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর মৌজায় টিলাশ্রেণীর ২০ একর সরকারি খাসজমি বন্দোবস্ত পেতে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর গত ফেব্রুয়ারি মাসের দিকে একটি আবেদন করেন। পরে আবেদনটি যাচাই-বাছাই করে প্রতিবেদন পাঠাতে ভূমি মন্ত্রণালয় থেকে বড়লেখার সহকারী কমিশনারকে (ভূমি) চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) উল্লিখিত জায়গাটি বন্দোবস্তের জন্য বিবেচনা করা যেতে পারে বলে মাস খানেক আগে প্রতিবেদন পাঠান। তবে আবেদনটি এখনো অনুমোদন পায়নি।দলীয় সূত্র জানায়, মুজিবুর রহমান বিএনপির উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।এলাকাবাসী সূত্র জানায়, ছয়-সাত মাস আগে মুজিবুর রহমান মোহাম্মদনগর এলাকায় টিলাশ্রেণীর বেশ কিছু খাসজমি দখল করে অবাধে বিভিন্ন জাতের প্রাকৃতিক গাছগাছালি কেটে আগরগাছের বাগান করার কাজ শুরু করেন।সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, দখল করা জায়গার একাংশে কাঁটাতারের বেড়া দেওয়া। কেটে ফেলা মাঝারি আকারের গাছগুলো বেড়ার খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। কিছু জায়গায় আগরগাছের চারা রোপণ করা হয়েছে। টিলার চূড়ায় মাটি কেটে টিনশেডের আধা পাকা দুটি ঘর নির্মিত হয়েছে। তিনটি পরিবার সেখানে বসবাস করছে।পরিবারের লোকজনের ভাষ্যমতে, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং ও চুনারুঘাটে। মুজিবুর রহমান তাদের বাগান দেখাশোনা করতে বলেছেন।একটি পরিবারের গৃহকর্তা মঞ্জিল মিয়া (৪০) জানান, সপ্তাহের শুক্রবার বাদে বাকি ছয় দিন ১০-১৫ জন শ্রমিক জঙ্গল পরিষ্কার ও চারা রোপণের কাজ করেন।বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল মোমিন খান প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, মুজিবুর রহমানের আবেদন এখনো অনুমোদন করা হয়নি। শুনেছি মোহাম্মদনগর মৌজায় তিনি (মুজিবুর রহমান) কিছু জায়গা অবৈধভাবে দখল করেছেন। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’মুজিবুর রহমান মুঠোফোনে বলেন, ‘কাজটি ঠিক হয়নি, স্বীকার করছি। তবে বিপদে পড়ে এ অবস্থায় যেতে হয়েছে। সাক্ষাৎ হলে বিস্তারিত বলব।’