প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির তালিকায় বাংলাদেশ ষষ্ঠ
ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির বিশ্বব্যাপী তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। খবর বিবিসির।জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (ইউএনইউ) ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটির এই গবেষণাপত্রে বলা হয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে ঝুঁকির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়। এশিয়ায় প্রথম অবস্থানে রয়েছে ফিলিপাইন। সারা বিশ্বে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ভানুয়াতু।এই গবেষণা সম্পর্কে বাংলাদেশের পরিবেশবিজ্ঞানী আতিক রহমান গত রাতে বিবিসিকে বলেন, গবেষণায় ভূমিকম্প ও সুনামিকে সূচক (ইন্ডিকেটর) হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে ভূমিকম্প হয়, তবে এর ফ্রিকোয়েন্সি কম। তবে সম্প্রতি বাংলাদেশ বড় ধরনের সুনামির হাত থেকে বেঁচে গেছে। সুনামির পথে কতগুলো দ্বীপপুঞ্জ থাকায় মাত্রাটা সীমিত হয়ে যায়। বাংলাদেশে ভূমিকম্প খুব বেশি না হওয়ায় ফিলিপাইনসহ অন্য দেশগুলো ঝুঁকির তালিকায় প্রথম দিকে এসেছে।ঝুঁকির তালিকায় ফিলিপাইনের শীর্ষে থাকা প্রসঙ্গে আতিক রহমান বলেন, ‘ফিলিপাইনে প্রতিবছর অনেক ঘূর্ণিঝড় হয়। বাংলাদেশে প্রতিবছর না হলেও দুই বছর পর পর একটি না একটি ঘূর্ণিঝড় হয়। এখানে আইলা ও সিডরের মতো বড় ধরনের ঘূর্ণিঝড় হয়েছে। বাংলাদেশে পূর্ব-সতর্কতাব্যবস্থার উন্নয়ন হওয়ায় মৃত্যুর হার কমেছে। এটি আমাদের জন্য বড় অর্জন।’বাংলাদেশের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কিংবা প্রাকৃতিক দুর্যোগ এবং অভিযোজন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এসব বিষয়ে বা সক্ষমতা অর্জনের বিষয়ে বাংলাদেশে অগ্রগতি হয়েছে কী—এই প্রশ্নের জবাবে আতিক রহমান বলেন, ‘আলাপ-আলোচনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি হয়নি। আইলায় অনেক বেড়িবাঁধ ভেঙে যায়। সেগুলো আজও মেরামত হয়নি।’