প্রাকৃতিক দুর্যোগের পর অপুষ্টি তীব্র হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের পরবর্তী আট মাস বেশি দামে খাবার কিনতে গিয়ে কষ্টে পড়ে মানুষ। এসব প্রাকৃতিক দুর্যোগের পর মানুষ তীব্র পুষ্টিহীনতার শিকার হয়। 
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ও যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করা হয়।
গবেষণায় দেখা গেছে, খাবারের দাম বাড়ার প্রভাব উপদ্রুত এলাকায় বেশি। বন্যা ও খরার পর আট মাস এবং ঘূর্ণিঝড়ের পর ছয় মাস পর্যন্ত চড়া দামে মানুষ খাবার কিনতে বাধ্য হয়। ডব্লিউএফপির এ দেশীয় প্রতিনিধি ক্রিস্টিনা র্যা ডার বলেন, ‘দুর্যোগের পর আমরা যে গৎবাঁধা পুনর্বাসন কর্মসূচি হাতে নিই, সে ব্যাপারে নতুন করে ভাবার সময় এসেছে।’
প্রতিবেদনে বলা হয়, যখন কোনো অঞ্চলের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়, কিংবা বন্যায় গ্রামের পর গ্রাম ভেসে যায়, তখন শিশুদের মধ্যে মারাত্মক পুষ্টিহীনতা দেখা দেয়। শিশুরা কৃশকায় হয়ে পড়ে। খরার পর শিশুদের মধ্যে ধারাবাহিক পুষ্টিহীনতা তীব্র হয়ে ওঠে, এর প্রভাবে শিশুরা খর্বকায় হয়ে পড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগের পর উপদ্রুত এলাকায় মাছের সরবরাহ কমে যায়। বন্যা ও নদীভাঙনের পর মাছ ভেসে যায় এবং উপদ্রুত এলাকায় মাছের দাম মানুষের নাগালের বাইরে চলে যায়। প্রতিবেদনে জলাশয়গুলো সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।
এর আগে সকালের অধিবেশনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট পুষ্টিহীনতার মানচিত্র প্রকাশ করে। তাতে বলা হয়, ৫৪৪টি উপজেলার ৩০০টিতেই ৪০ শতাংশের বেশি শিশু খর্বাকৃতির। কমপক্ষে ৩৯টি জেলায় খর্বাকৃতি পরিস্থিতি সংকটজনক।
মূল বিষয় উপস্থাপনের সময় বিবিএসের সমীক্ষক দীপংকর রায় বলেন, বান্দরবান, কক্সবাজার ও সুনামগঞ্জে খর্বকায় শিশুর হার বেশি। ঢাকায় খর্বকায় ও কৃশকায় শিশুর সংখ্যা অপেক্ষাকৃত কম। তবে তিনি বলেন, ঢাকার মধ্যেও স্থানভেদে অপুষ্টি চিত্রের পার্থক্য দেখা গেছে। ঢাকার দক্ষিণখানে খর্বাকৃতির শিশু ২৮ শতাংশ কিন্তু কেরানীগঞ্জে ৪১ শতাংশ। সবচেয়ে বেশি খর্বকায় শিশু রয়েছে কক্সবাজারের উখিয়ায়, ৫১ শতাংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিলেট ও চট্টগ্রাম অর্থনৈতিক দিক থেকে খুলনা ও রাজশাহী থেকে এগিয়ে আছে। কিন্তু পুষ্টি পরিস্থিতি বৃহত্তর সিলেট ও চট্টগ্রামে খুবই নাজুক।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সম্পদশালী সিলেটে এমন অবস্থা, আমার কাছে কেমন অদ্ভুত লাগে। আমরা জানি, কিছু জায়গা যেমন বান্দরবান, কুড়িগ্রামে দুরবস্থা আছে। এ ধরনের মানচিত্র কাজে আসবে। এটি ধরে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে।’