প্রাকৃতিক পরিবেশ রক্ষার অঙ্গীকার
প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে গতকাল শুক্রবার মাদারীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। মাদারীপুরে কৃতী শিক্ষার্থীরা বিশ্বের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও দুর্নীতিমুক্ত থাকার অঙ্গীকার করে। টাঙ্গাইলের কৃতীরা মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মাদারীপুর‘সারা পৃথিবীর পরিবেশ আজ বিপর্যস্ত। বিশ্বের অনেক সমাজও অন্যায়-দুর্নীতিতে কলুষিত হয়ে পড়েছে। বিশ্বের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে আমরা নিজেদের ও আগামী প্রজন্মের বসবাসের উপযোগী করে রেখে যেতে কাজ করব। দুর্নীতি ও অন্যায় থেকে নিজেদের মুক্ত রাখব।’ মাদারীপুর পাবলিক ইনস্টিটিউশন থেকে জিপিএ-৫ পাওয়া জান্নাতুল ফেরদাউস এভাবেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করে। মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও কৃতী শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ। স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি ইখতিয়ার হোসেন। এ ছাড়া শিক্ষক মহাদেব চন্দ্র বর্মণ, মোহাম্মদ শহিদুল ইসলাম, আবু তাহের হাওলাদার, সৈয়দ সেলিম হোসেন, রবির আঞ্চলিক ব্যবস্থাপক ইফতে খাইরুল বাশার, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বন্ধুসভার কুমার লাভলু, ইমরান সাগর ও প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খান। সংগীত পরিবেশন করেন মিল্লাত হোসেন, এ আর সান্টু। আবৃত্তি করেন মেহেদী শামীম।টাঙ্গাইলসকাল আটটার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃতী শিক্ষার্থীরা টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকে। সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শিক্ষার্থীরা হাত তুলে মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার অঙ্গীকার করে। ভালো ফলাফলের জন্য বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। বন্ধুসভার উপদেষ্টা তানিয়া বখেশর পরিচালনায় অনুষ্ঠানে অধ্যক্ষ সেকান্দার হায়াত, বজলুর রশিদ, সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, রবির আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক, শিক্ষক মো. আবদুল করিম, সুজন টাঙ্গাইল শাখার সদস্যসচিব বাদল মাহামুদ প্রমুখ বক্তব্য দেন। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সোনারগাঁয়ের সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে লেখক শামসুদ্দোহা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল মোশাররফ, সহকারী কমিশনার (ভূমি) আবুল আমিন, রবির নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহজালাল, মো. শহীদুল্লাহ মিয়া, বন্ধুসভার সভাপতি শাহেদ কায়েস প্রমুখ বক্তব্য দেন। ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন ও সিনহা উচ্চবিদ্যালয়কে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।নবাবগঞ্জ (ঢাকা)নবাবগঞ্জের ওয়াসেক মিলনায়তনে বন্ধুসভার সভাপতি নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, শিক্ষক ব্রাদার হেমলেট গোসাল, আবদুল খালেক, নুরুল ইসলাম, রবির আঞ্চলিক ব্যবস্থাপক জসিম উদ্দিন, ইব্রাহিম খলিল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক সালাউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক। অনুষ্ঠানে দুই উপজেলার তিন সেরা শিক্ষাপ্রতিষ্ঠান দোহারের মইতপাড়া দাখিল মাদ্রাসা, বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয় ও নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।