প্রাকৃতিক বন উজাড় করে সামাজিক বনায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লবণছড়া সংরক্ষিত বনে প্রাকৃতিক গাছগাছালি উজাড় করে সামাজিক বনায়নের অভিযোগ পাওয়া গেছে।সরেজমিন দেখা গেছে, লবণছড়া সংরক্ষিত বনে একদল শ্রমিক অবাধে কচি মুলি ও খাং জাতের বাঁশসহ বিভিন্ন গাছ কাটছেন। শ্রমিকদের ভাষ্যমতে, ইতিমধ্যে অন্তত ২০ একর জায়গার গাছ কাটা হয়ে গেছে। ১০-১২ জন লোককে পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে কাটা বাঁশের আঁটি নিয়ে যেতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, বন বিভাগের কর্মকর্তারা তাঁদের দিয়ে কাজ করাচ্ছেন। বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, রেঞ্জের মনছড়া বিটের আওতাধীন লবণছড়া সংরক্ষিত বনের ২০-২৫ একর জায়গায় আগামী অর্থবছরে সামাজিক বনায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। জমি তৈরির জন্য দু-তিন সপ্তাহ ধরে সেখানে জঙ্গল পরিষ্কারের কাজ চলছে। প্রতি একরে আড়াই হাজার বিভিন্ন বনজ গাছের চারা রোপণ করা হবে।কুলাউড়া রেঞ্জের বন কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, লবণছড়ায় কিছু প্রাকৃতিক গাছ আছে, এটা ঠিক। পাশের ভালাইমা পুঞ্জির খাসিয়া সম্প্রদায়ের লোকজন কয়েক বছরে সংরক্ষিত বনের কিছু জায়গা অবৈধভাবে দখলে নিয়ে পানের জুম তৈরি করেছেন। সামাজিক বনায়নের মাধ্যমে ওই জায়গা রক্ষার চেষ্টা করা হচ্ছে।আদিবাসী খাসিয়া ও গারোদের সমন্বয়ে গঠিত স্থানীয় সংগঠন ‘কুবরাজ’-এর সহসভাপতি প্রত্যুষ আসাক্রা বন বিভাগের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা গাছগাছালিকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। প্রাকৃতিক বন ধ্বংস করে সামাজিক বনায়নের উদ্যোগ নেওয়া যুক্তিসংগত হয়নি। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলোয়ার হোসেন গতকাল বলেন, যেখানে কোনো ধরনের গাছগাছালি নেই, শুধু সেসব জায়গাতেই সামাজিক বনায়ন করার কথা। বাঁশ বাগান উজাড় করে বনায়ন করা যাবে না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।