এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উদ্যোগে দুই দিনব্যাপী প্রাকৃতিক বিজ্ঞান ও প্রযুক্তি (ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি) বিষয়ক তৃতীয় জাতীয় সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের এম এম আলী রোডে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ২৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক ও তৃতীয় প্রাকৃতিক বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক জাতীয় সম্মেলন কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ, কো-চেয়ারম্যান এ কে এম মনিরুজ্জামান মোল্লা ও কমিটির সচিব তানজিনা তারিক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুটি পর্বে বিজ্ঞান-বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম পর্বের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি আবু সাদাত মোহাম্মদ নোমান। মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম খলিলুর রহমান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক আবদুর রাজ্জাক। মূল বক্তা ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনা আখতার।