পরিদর্শন করেছে প্রতিনিধিদল
প্রাকৃতিক মৎস্য প্রজননের স্বার্থে প্রয়োজনে হালদার স্লুইসগেট কাঠামো বদল
মাছের প্রাকৃতিক প্রজননে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে মনে হলে প্রয়োজনে হালদা নদীর ওপর নির্মিত ১৩টি স্লুইসগেটের কাঠামো পরিবর্তন করা হবে। গেটের মধ্য দিয়ে মাছের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা রাখা হবে।আন্তমন্ত্রণালয় কমিটির সদস্যরা গতকাল সোমবার চট্টগ্রামে হালদা পরিদর্শন শেষে এসব কথা বলেন। কমিটিতে পানিসম্পদ, কৃষি, পরিবেশ ও বন এবং মৎস্য ও প্রাণিসম্পদসহ চার মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। হালদা নদীর স্লুইসগেটের কার্যকারিতা পর্যবেক্ষণে এ কমিটি গঠন করা হয়।কমিটির প্রধান উপদেষ্টা সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল হালদার ১৩টি স্লইসগেট ঘুরে দেখেন। এ সময় কমিটির সভাপতি মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শামসুল কিবরিয়া, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী সৈয়দ আহসান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক এহসানে এলাহী, জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে ফজলে করিম চৌধুরী জানান, ‘হালদা নদীকে একটি প্যাকেজ হিসেবে দেখে আমরা এখানে চার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এনেছি। স্লুইসগেটগুলোর প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। এগুলোকে মাছ চলাচলের উপযোগী করে গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে। আমরা হালদার দুই পারের মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তা তৈরি, বনায়ন ও বর্জ্যদূষণ প্রতিরোধের ব্যবস্থা নেব।’