রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাক্-নির্মাণ চুক্তি সই করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ জানুয়ারি মস্কো সফরে যাচ্ছেন। পরদিন ১৫ জানুয়ারি এই চুক্তি সই হতে পারে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্বিতীয় বা প্রাক্-নির্মাণ পর্যায়ে প্রবেশ করবে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘রূপপুর প্রকল্পের অনেক কিছুই এত দিন তাত্ত্বিক পর্যায়ে ছিল। এখন তা বাস্তবের দ্বারপ্রান্তে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের সামনে এক বড় সম্ভাবনার দুয়ার খুলে যাবে।’সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রীর মস্কো সফরের সময় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬২টি সমীক্ষা পরিচালনা ও আনুষঙ্গিক কাজের জন্য ৫০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই হবে। প্রকল্পের প্রধান উপাদান—বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঋণচুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কেও সমঝোতা স্মারক সই হবে।রাশিয়ার এই ঋণের ৮৫ শতাংশ জোগানোর কথা থাকলেও এখন তারা ৯০ শতাংশ জোগান দিতে রাজি হয়েছে। ঋণের সুদও বাংলাদেশের দাবি অনুযায়ী ৩ শতাংশের মধ্যেই থাকবে। প্রধানমন্ত্রীর সফরের সময় বিদ্যুৎকেন্দ্র ছাড়াও কৃষি, বাণিজ্য, জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আরও কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র জানায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সমীক্ষা পরিচালনা ও তথ্যকেন্দ্র স্থাপনের প্রস্তুতি শেষ। আগামী এপ্রিলে বাংলাদেশ ও রাশিয়ার যৌথ উদ্যোগে ঢাকায় এক সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে এসব কাজ শুরু করা হবে। ইতিমধ্যে সরকার জাতীয় সংসদে পাস হওয়া ‘রেডিয়েশন কন্ট্রোল অথরিটি (তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) আইন’ অনুযায়ী একটি কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু করেছে। কাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এক সভায় কর্তৃপক্ষ গঠনের বিষয়ে বিশেষ অগ্রগতি হতে পারে। সূত্রগুলো জানায়, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন ইতিমধ্যে কিছুটা পিছিয়ে গেছে। বর্তমান সরকারের নেওয়া মূল পরিকল্পনা অনুযায়ী এক হাজার মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি ২০১৬-১৭ সালে চালু হওয়ার কথা ছিল। এখন তা অন্তত এক বছর পরে হবে।৬২টি আলাদা সমীক্ষার মধ্যে ২৬টি সমীক্ষা চালাবেন দেশের বিজ্ঞানী-বিশেষজ্ঞরা। এই সমীক্ষা পরিচালনা, নকশা প্রণয়ন ও দেশীয় জনবল প্রশিক্ষণে ৫০ কোটি মার্কিন ডলার (প্রায় চার হাজার কোটি টাকা) ব্যয় হবে।