‘মুক্তা ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক গ্রেপ্তার
প্রাক্-প্রাথমিক বিদ্যালয় স্থাপনের নামে প্রতারণা
নোয়াখালীতে বেসরকারিভাবে প্রাক্-প্রাথমিক বিদ্যালয় স্থাপনের নাম করে বিভিন্ন লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আয়েশা আক্তার ওরফে মুক্তা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সুধারাম থানা-পুলিশ।আয়েশা আক্তার ‘মুক্তা ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতারণার শিকার শতাধিক ব্যক্তি তাঁকে ঘেরাও করে রাখার পর পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে রাতে তাহমিনা আক্তার নামে এক নারী সুধারাম থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে প্রতারণার শিকার তরুণ-তরুণীরা হাউজিং এস্টেটে মুক্তা ফাউন্ডেশনের সামনে ভিড় করে তাঁদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে সংস্থার কার্যালয়ে হামলা-ভাঙচুরের চেষ্টা চালান। ভুক্তভোগীরা অভিযোগ করেন, মুক্তা ফাউন্ডেশন ২০০৯ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রেশন নিয়ে জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেটে কার্যালয়ের কার্যক্রম শুরু করে। এরপর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার সংস্থার লোকজনের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় ইউনিয়নে ইউনিয়নে ‘সরকারের সঙ্গে লিয়াজোঁ’ করে বেসরকারিভাবে দুই হাজারেরও বেশি প্রাক্-প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে বলে বেকার তরুণ-তরুণীদের প্রলুব্ধ করেন।এতে জেলার সদর ও সুবর্ণচর উপজেলাসহ বিভিন্ন এলাকার বেকার তরুণ-তরুণীদের দিয়ে গ্রুপ তৈরি করে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য জনপ্রতি তিন হাজার টাকা করে আদায় করেন। এর মধ্যে গ্রুপ লিডার তাহমিনা আক্তার তিন লাখ টাকা, আরমান আক্তার মর্জিনা দুই লাখ, নাছরিন আক্তার দেড় লাখ, মো. হারুনুর রশিদ এক লাখ ২৫ হাজার, মো. বেলাল উদ্দিন ৪৮ হাজার টাকা মুক্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালককে দিয়েছেন বলে অভিযোগ করেন।অভিযুক্ত নির্বাহী পরিচালক আয়েশা আক্তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘তাঁর একটি প্রকল্পের ফাইল মন্ত্রণালয়ে জমা আছে, সেটি অনুমোদিত হয়ে এলে সবার টাকা ফেরত দেওয়া হবে। তিনি দাবি করেন, ফাউন্ডেশন ঘেরাও দিতে আসা তরুণ-তরুণীদের অনেককে তিনি চেনেন না।’ সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আটক আয়েশা আক্তার ওরফে মুক্তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিশেষ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।