প্রাক্-প্রাথমিক শিক্ষার বাইরে ১৫ লাখ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে  বক্তব্য দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ ।  প্রথম আলো
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ । প্রথম আলো

পাঁচ বছর বয়সী ১৫ লাখ শিশু এখনো প্রাক্-প্রাথমিক শিক্ষার আওতাবহির্ভূত রয়ে গেছে৷ বাকি যে শিশুরা প্রাক্-প্রাথমিক শিক্ষা নিচ্ছে, তারাও শ্রেণিকক্ষ, শিক্ষক, শিক্ষার উপকরণ, শিক্ষার পরিবেশসহ গবেষণার সব মানদণ্ডেই মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে না৷
শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থার মোর্চা গণসাক্ষরতা অভিযান পরিচালিত ‘এডুকেশন ওয়াচ ২০১৩’ শীর্ষক গবেষণাপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে৷ গতকাল রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই গবেষণাপত্রটি প্রকাশ করা হয়৷
প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ‘এডুকেশন ওয়াচ ২০১৩’ সম্পর্কে নিজের মতামত তুলে ধরে বলেন, এতে সরকারি বিদ্যালয়গুলোর সমালোচনা করা হয়েছে৷ সমালোচনায় আপত্তি নেই৷ কিন্তু শিক্ষাক্ষেত্রে অপ্রতুল বরাদ্দের বিষয়টিও আমাদের মনে রাখতে হবে৷
বিশেষ অতিথির বক্তব্যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলে হাসান আবেদ সব শিশুকে প্রাক্-প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত করতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, এ ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার সুযোগ দিতে হবে৷
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী গবেষণার উদ্দেশ্য তুলে ধরে বলেন, দেশে বিদ্যমান প্রাক্-প্রাথমিক শিক্ষার ওপর একটি ভিত্তিভূমি (বেসলাইন) তৈরি করা, যা ভবিষ্যতে এই শিক্ষাব্যবস্থার অগ্রগতি পর্যবেক্ষণে সহায়ক হবে৷
এরপর এডুকেশন ওয়াচের পক্ষে মুখ্য গবেষক সমীর রঞ্জন নাথ গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন৷ তিনি জানান, জরিপের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দেড় হাজার৷ জরিপে দেখা গেছে, প্রায় ১৫ শতাংশ সরকারি এবং ৪১ দশমিক ৩ শতাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শ্রেণির জন্য আলাদা কোনো শ্রেণিকক্ষ নেই৷
ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ ও বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসের প্রথম সচিব লিবুজে সকোপোভা৷