প্রাক্-প্রাথমিকে গারো ভাষার বইয়ের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক্-প্রাথমিকে গারো ভাষার বইয়ের সংকট রয়েছে। এ কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া প্রয়োজনীয় শিক্ষা সহায়িকা না থাকায় সমস্যায় পড়েছেন শিক্ষকেরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বেসরকারি সংগঠন কারিতাসের শিশু শিক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, সরকার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ বছর গারো ভাষায় প্রাক্-প্রাথমিক শ্রেণির জন্য আংনি কিতাব (আমার বই) নামের বই প্রকাশ করেছে। ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের পাঠদানে সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য গারো ভাষায় ‘শিক্ষা সহায়িকা’ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া গারো ভাষায় বর্ণ ও জীবজন্তু চেনাতে ক্লিপ চার্ট, ফ্লাশ কার্ড তৈরি করা হয়েছে। উপজেলার পোড়াগাঁও, নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কারিতাসের আলোঘর প্রকল্পের আওতায় ‘শিশু শিক্ষাকেন্দ্র’ নামের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া বারমারী সাধুলিও প্রাথমিক বিদ্যালয় এবং পানিহাটা মিশনারি বিদ্যালয়ের নামে আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে। ২০টি প্রতিষ্ঠানে প্রাক্-প্রাথমিকে গারো শিক্ষার্থী রয়েছে ১৭১ জন। পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন ২৬ জন। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ২০টি প্রতিষ্ঠানের জন্য আংনি কিতাব ১২ কপি, শিক্ষক সহায়িকা ১২ কপি, ক্লিপ চার্ট ২৯ কপি, ফ্লাশ কার্ড ২০ কপি ও বর্ণ কার্ড ২৫ কপি সরবরাহ করা হয়।
কাটাবাড়ি শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষক প্রনিলা নেংমিংজা বলেন, ‘গারো ভাষায় বই প্রকাশ করায় সরকারকে কৃতজ্ঞতার সঙ্গে অভিনন্দন জানাই। এই কেন্দ্রে প্রাক্-প্রাথমিক শ্রেণিতে ১৪ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু দেওয়া হয়েছে একটি বই ও একটি শিক্ষক সহায়িকা। একটি বই দিয়ে শুধু ক্লাসে পড়ানো হয়। কোনো শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি।’
কাটাবাড়ি গ্রামের অভিভাবক উপমা চিসাম (৩৬) বলেন, ‘সরকার গারো ভাষার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় আমরা আনন্দিত। কিন্তু আমাদের বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী বই পায়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, প্রাক্-প্রাথমিকে গারো ভাষায় পাঠদান শুরু হয়েছে। প্রথমে কিছুটা সমস্যা হয়েছে। আগামী বছর যেন সব শিক্ষার্থী গারো ভাষায় বই পায়, সে জন্য চাহিদাপত্র তৈরি করে জেলা শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ উদ্দিন বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বইয়ের স্বল্পতায় পাঠদান ব্যাহত হচ্ছে, সেখানে সমস্যা সমাধানে একটা ব্যবস্থা নেওয়া হবে।