প্রাক্-শোধন যন্ত্র বন্ধ, ওয়াসার পানিতে আবার দুর্গন্ধ
সায়েদাবাদ পানি শোধনাগারে প্রায় ৭০ কোটি টাকা খরচ করে বসানো প্রাক্-শোধন (প্রি-ট্রিটমেন্ট) যন্ত্রটি বন্ধ করে রাখা হয়েছে। বলা হচ্ছে, শীতলক্ষার পানি এখন দূষণমুক্ত, তাই এটি চালু রাখার দরকার নেই। সায়েদাবাদ শোধনাগার থেকে সরবরাহ করা পানি ব্যবহার করা হয় পুরান ঢাকা কিছু অংশ, মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, পুরানা পল্টন, নয়া পল্টনসহ ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকায়। এসব এলাকার একাধিক ব্যবহারকারী জানান, এই বর্ষায় কিছুদিন ভাল পানি আসলেও এখন ওয়াসার পানিতে আবার ময়লা আসা শুরু হয়েছে। ঢাকা ওয়াসা ও শোধনাগারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, শুকনো মৌসুমে শীতলক্ষ্যা নদীতে অ্যামোনিয়া, শ্যাওলা বা অন্য সরল অণুজীব এবং কল-কারখানাসহ মনুষ্যসৃষ্ট আবর্জনা এত বেশি বেড়ে যায় যে, সায়েদাবাদ শোধনাগারের পক্ষে তা শোধন করা কঠিন হয়ে পড়ে। এ জন্য সরাসরি নদী থেকে নেওয়া পানি প্রাথমিকভাবে এক দফা শোধন করে মূল শোধনাগারে পাঠানো হয়। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি এটি চালু করা হলেও জুনের শুরুতে তা বন্ধ করে দেওয়া হয়। প্রাক্-শোধন প্ল্যান্টটি স্থাপনে অবকাঠামোগত ব্যয়সহ প্রায় ১০০ কোটি টাকা লেগেছে। শুধু শোধনযন্ত্রের জন্য লেগেছে প্রায় ৭০ কোটি টাকা। ওয়াসার দায়িত্বশীল সূত্র জানায়, কিছু বৃষ্টি হওয়ার পর পানির দূষণ কমে গেছে বলে প্রচার করে যন্ত্রটি বন্ধ করে দেওয়া হয়। ফলে যন্ত্রটি বসানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান এসব অস্বীকার করে প্রথম আলোকে বলেন, এখন পানিতে দূষিত অণুজীব না থাকায় এ যন্ত্রের প্রয়োজন নেই। সরবরাহ করা পানিতে এখন ক্লোরিনসহ অন্য কোনো ওষুধও দেওয়া হচ্ছে না। এর পরও সরবরাহ করা পানিতে যদি গন্ধ থাকে তা হচ্ছে ভাঙা বা ফুটো পাইপ দিয়ে ময়লা ঢোকার কারণে। তবে সব এলাকার পানিতে গন্ধ নেই বলে দাবি করেন তিনি। কিন্তু ওয়াসারই দায়িত্বশীল সূত্রমতে, পানিতে যে ওষুধের গন্ধ আছে তা সায়েদাবাদ শোধনাগার থেকে সরবরাহ করা পানি পরীক্ষা করলেই বোঝা যাবে। এ প্রতিবেদক কয়েকটি এলাকায় খোঁজ নিলে বাসিন্দারা তাঁদের সমস্যার কথা জানান। পানিতে ওষুধের গন্ধ ছাড়াও ময়লা থাকায় মতিঝিলসংলগ্ন অভয় দাস লেনে পাশাপাশি কয়েকটি ভবনের প্রায় সব ফ্ল্যাটের বাসিন্দা মাস দেড়েক ধরে কেনা পানি পান করছেন। বাসাবো-কদমতলার বাসিন্দা ফারজানা হক বলেন, ওয়াসার পানি পানের জন্য ফুটালে ফেনা বেরোয়। ওই পানি ফিল্টারে দেওয়ার পরও তা ঘোলা থাকে। মান্ডা এলাকার শাহ আলম, আরামবাগ থেকে গৃহিণী রেহানা আখতার, বলধা গার্ডেনসংলগ্ন হাটখোলার আখতার হোসেনও একই রকম অভিযোগ করেন।