সরকার নির্ধারিত প্রাক্কলিত দরের সর্বোচ্চ ১০ শতাংশ কম বা বেশি দেখাতে পারবে দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। আগে এ ধরনের ধরাবাঁধা কোনো বিধান ছিল না।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পাওয়া গণখাতে ক্রয় আইনের চতুর্থ সংশোধনীর খসড়ায় এ কথা বলা হয়। খসড়ায় বলা আছে, সীমিত দরপত্রে অংশগ্রহণকারীরা সর্বোচ্চ তিন কোটি টাকার দরপত্রে অংশ নিতে পারবেন। আগে এটি দুই কোটি টাকা ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকালের বৈঠকে বিপজ্জনকভাবে বিমান চালালে পাইলটের জেল-জরিমানা বাড়ানো, দুর্ঘটনার শিকার ব্যক্তি বা তাঁর পরিবারকে সহায়তা এবং আকাশসীমা লঙ্ঘন করলে শাস্তি নির্ধারণ করাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে বেসামরিক বিমান চলাচল আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, নতুন আইনে বিমানযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) প্রযোজ্য নীতিমালা অনুসরণ করা হয়েছে। পাশাপাশি দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে প্রস্তাবিত আইনে বেশ কিছু শাস্তির বিধান রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোনো বৈমানিক বিপজ্জনকভাবে বিমান চালালে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। বৈমানিকের কারণে অন্য কোনো বিমান এবং ভূমি বা পানিতে অবস্থানকারী কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তাঁকে এ শাস্তি পেতে হবে। সুরক্ষা ও নিরাপত্তার কারণ ছাড়া কোনো ব্যক্তি অবৈধভাবে বিমান নিয়ে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে শাস্তি সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন তিন বছর কারাদণ্ড এবং ন্যূনতম দুই কোটি টাকা অর্থদণ্ড রাখা হয়েছে। এ ছাড়া আরও কিছু দেওয়ানি শাস্তি রয়েছে, যেগুলো বিধি দিয়ে নির্ধারণ করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৬০ সালের দ্য সিভিল এভিয়েশন অধ্যাদেশ প্রণয়নের পর বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বিমান খাতে ব্যাপক উন্নতি হয়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং অধ্যাদেশটি যুগোপযোগী করতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
গতকালের বৈঠকে বাংলাদেশ নার্সিং ও ধাত্রী পরিষদ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এতে ২৪ সদস্যের একটি পরিষদ গঠনের কথা বলা হয়েছে, যার প্রধান হবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। এই পরিষদ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মতো নার্স ও ধাত্রীদের নিবন্ধন দেবে। এ ছাড়া নার্সিং শিক্ষা দেওয়া প্রতিষ্ঠনগুলোকে এই পরিষদের অনুমোদন নিতে হবে। ভুয়া পরিচয়ে কেউ নার্স বা ধাত্রীর দায়িত্ব পালন করলে তাঁকে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।