প্রাক্কলিত দরের ১০ শতাংশ হেরফের হলে দরপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কেনাকাটায় প্রাক্কলিত দরের ১০ শতাশের কম বা বেশি দর প্রস্তাব করলে সেই দরপত্র বাতিল হয়ে যাবে—এমন বিধান রেখে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০১৬ গতকাল সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিলে সীমিত দরপত্র পদ্ধতিতে অভ্যন্তরীণ ক্রয়ের সীমা দুই কোটি টাকা থেকে বাড়িয়ে তিন কোটি টাকা করা হয়েছে।
এ ছাড়া গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৬ সংসদে পাস হয়েছে। বিলটি পাসের জন্য উত্থাপন করেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন উভয়ই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ও বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত। এ দুটি প্রতিষ্ঠানকে একীভূত করা হলে প্রশাসনিকভাবে সুবিধাজনক ও সাশ্রয়ী হবে। সে জন্য এই বিল আনা হয়েছে।
গতকাল ড্রোন, গ্লাইডারসহ উড্ডয়নরত যেকোনো যন্ত্রকে বিমানের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল, ২০১৬ সংসদে উত্থাপন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিলটি উত্থাপন করেন। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, একজন চেয়ারম্যান ও ছয়জন সদস্য নিয়ে এই কর্তৃপক্ষ গঠিত হবে। এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের সব কাজ কর্তৃপক্ষের আওতায় থাকবে। কর্তৃপক্ষের কাজ তদারকির জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন গভর্নিং বডি থাকবে। বিমানমন্ত্রী এর সভাপতি থাকবেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরাও গভর্নিং বডির সদস্য থাকবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন এর সদস্যসচিব।
এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল, ২০১৬ সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলে ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পে যাতে বিসিক সহায়তা দিতে পারে, সে সুযোগ রাখা হয়েছে।
সব শেষে সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।