প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। উৎসবের প্রথম দিনের কার্যক্রম গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় নিবন্ধনের মাধ্যমে উৎসব শুরু হয়। ‘শেষ দেখার পর আবার...’ স্লোগানকে ধারণ করে শুরু হওয়া উৎসবের প্রথম দিন বেলা দুইটা পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে বেলা সোয়া দুইটা থেকে শুরু হয় স্বাগত পর্ব। এতে অন্যদের মধ্যে স্মৃতিচারণামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছদরুদ্দিন আহমদ চৌধুরী, বর্তমান উপাচার্য মো. সালেহ উদ্দিন, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, শিক্ষক সমিতির সভাপতি কবির হোসেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান সুশান্ত কুমার দাস, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী নাজিয়া চৌধুরী, পুনর্মিলনী কমিটির সদস্যসচিব সুশান্ত দাশগুপ্ত, দ্বিতীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হারুন রশীদ, চতুর্থ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন শিল্পী বারী সিদ্দিকী।