প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দমুখর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত দেখা জানতেন না অধ্যাপক নুরুন্নাহার বেগম। কিন্তু হলে এসে বনে গেলেন হস্তরেখা বিশারদ। বন্ধুদের হাত তো দেখতেনই; অবিবাহিত এক শিক্ষিকার হাত দেখে একদিন বললেন, ‘খুব সুদর্শন জামাই রয়েছে আপনার ভাগ্যে।’ এরপর ওই শিক্ষিকার বিশেষ খাতির পেতেন নুরুন্নাহার।গতকাল শুক্রবার হল-জীবনের এমন অনেক খণ্ড খণ্ড স্মৃতি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাক্তন ছাত্রীরা। রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বানে তাঁরা জড়ো হয়েছিলেন হল প্রাঙ্গণে। আড্ডা, গল্প, গান, নৃত্য আর স্মৃতিচারণায় আনন্দমুখর দিন কাটান তাঁরা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তাঁর হল-জীবনের স্মৃতিচারণা করে বলেন, ‘আমি আজ মন্ত্রী হিসেবে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক ছাত্রী হিসেবে এখানে এসেছি। আজকে আমার এই অবস্থানের পেছনে রোকেয়া হল প্রাঙ্গণের অবদান অপরিসীম।’সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর ছিল প্রাক্তন শিক্ষার্থীদের গান আর নৃত্য পরিবেশনা। হল-জীবনের স্মৃতিচারণা পর্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী বলেন, ‘স্নাতক পরীক্ষা দেওয়ার পর ভেবেছিলাম, পাস করতে পারব না। একদিন বাসার বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখেন, শিক্ষক জ্যোতির্ময় গুহঠাকুরতা রিকশায় তাঁদের বাসায় আসছেন। ভয়ে এক দৌড়ে নিজ কক্ষে গিয়ে দরজা আটকে দেন। মায়ের ডাকে বেরিয়ে শুনতে পান, তিনি স্নাতক পাস করেছেন। ঘটনাটি আজও আমাকে তাড়িত করে।’ অধ্যাপক নাজমা চৌধুরী বলেন, শিক্ষাজীবন শেষে শিক্ষকজীবন। প্রতিটি ধাপই রোকেয়া হলকে কেন্দ্র করে কেটেছে। তাঁর জীবনে এ হলের অবদান অপরিসীম। সত্তরের দশকের ছাত্রী খুরশিদা খাতুন এখন সরকারের অতিরিক্ত সচিব। হলের খাবার খেতে না পেরে পুকুর থেকে মাছ আর সবজি বাগান থেকে করলা চুরি করে তরকারি রান্নার গল্প শোনান তিনি। বেলা বাড়ার সঙ্গে প্রাক্তন ছাত্রীদের স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে রোকেয়া হল প্রাঙ্গণ। আশির দশকের ছাত্রী এবং আয়োজকদের একজন মৌসুমী দাশ পুরকায়স্থ বলেন, মনেই হচ্ছে না বয়স বেড়েছে।অনুষ্ঠানে আরও স্মৃতিচারণা করেন সাংসদ বেবী মওদুদ, অ্যারোমা দত্ত প্রমুখ। এর আগে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দা শামসে আরা হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রকিব উদ্দিন, সংগঠনের সভাপতি রওশন আরা ফিরোজ, সাধারণ সম্পাদক মরিয়ম বেগম প্রমুখ বক্তব্য দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যার পর শেষ হয় মিলনমেলা।