কলেজ কর্তৃপক্ষ স্থগিত করলেও প্রাক্তন ছাত্র পর্ষদের উদ্যোগে গতকাল শুক্রবার রংপুরের কারমাইকেল কলেজের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে কলেজগেট থেকে শোভাযাত্রা বের করা হয়। এর আগে কলেজ ক্যাম্পাসে কেক কাটা হয়।
প্রাক্তন ছাত্র পর্ষদ সূত্র জানায়, আজ শনিবার বেলা তিনটা থেকে মূল অনুষ্ঠান শুরু হবে। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা ও আলোচনা সভা হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।
প্রধান অতিথি নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় ১৪ ডিসেম্বর এক ঘোষণায় কলেজের পক্ষ থেকে শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এ ঘটনায় প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে তাৎক্ষণিকভাবে উদ্যাপন পর্ষদ গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক দিলশাদ হোসেন গতকাল বলেন, ‘২৩ ও ২৪ ডিসেম্বর কলেজের পক্ষ থেকে দুই দিনব্যাপী শতবর্ষ উদ্যাপনের উদ্যোগ নেওয়া হলেও তা হঠাৎ স্থগিত করা হয়। এ ঘটনা আমরা মেনে নিতে পারিনি। তাই আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি।’
কলেজ সূত্র জানায়, গত ১০ নভেম্বর শতবর্ষে পদার্পণ করে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ। প্রথম দফায় ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। পরে তা পরিবর্তন করে ২৩ ও ২৪ ডিসেম্বর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় জাতীয় পার্টি চায় কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে। অন্যদিকে কলেজ প্রশাসন প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আনতে চায়। এ নিয়ে সমঝোতা না হওয়ায় দ্বিতীয়বার অনুষ্ঠান স্থগিত করে কলেজ কর্তৃপক্ষ।
কারমাইকেল কলেজ শতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শিক্ষক সুজন শাহ-ই ফজলুল বলেন, অনুষ্ঠান উপলক্ষে দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী ও ১৩ হাজার বর্তমান শিক্ষার্থী নিবন্ধন করেন। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ছিল দেড় হাজার টাকা। বর্তমান শিক্ষার্থীর জন্য ৫০০ টাকা।
কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ মিয়া বলেন, প্রধান অতিথির দ্বন্দ্ব নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় শিক্ষক পরিষদের সভায় অনির্দিষ্টকালের জন্য উৎসব স্থগিত করা হয়েছে। প্রধান অতিথি নির্ধারণ হলেই অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেওয়া হবে।