প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বের করা স্মারক বইয়ের প্রকাশনা উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
২০১৩ সালে শত বছর পূর্ণ হয়েছে আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়। গত বছরের ১৮ মার্চ শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল শতবর্ষপূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশিত হয়।
দুপুরে প্রকাশনা উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী।
অনুষ্ঠানে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্বিত। আজকে এখানে এসে সবাইকে দেখে আমার হারিয়ে যাওয়া অতীত দিনগুলোর কথা মনে পড়ছে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কঠোর পরিশ্রম ছাড়া নিজেকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শতবর্ষ উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আ ম টিপু সুলতান চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শতবর্ষ উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা কাজী আহমদ নবী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছগীর মোহাম্মদ, শতবর্ষ উদ্যাপন পরিষদের মহাসচিব রফিকুল হক।