দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর আড্ডায় কেটেছে তাঁদের সারাটা দিন। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো দিনগুলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনের (টিএসসি) সবুজ চত্বরজুড়ে গতকাল শুক্রবার বসেছিল দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে দিনব্যাপী এ মিলনমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে আলোচনা সভায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, দার্শনিকদের জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। সৌর্হাদ্যপূর্ণ, উদার ও নৈতিক মনমানসিকতাসম্পন্ন মানুষ হয়ে উঠলেই বিজ্ঞানের দর্শন, সামাজিক বিজ্ঞানের দর্শন, নৈতিকতার দর্শনে এগিয়ে যাওয়া যাবে।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ও দর্শন বিভাগের চেয়ারপারসন প্রদীপ রায়ের সভাপতিত্বে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, দর্শন বিভাগের সাম্মানিক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠ অ্যালামনাই হোসনে আরা আলম, মমতাজ বেগম ও এ এফ এম উবায়দুর রহমানকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বিভাগের প্রাক্তন ছাত্র কাজী নূরুল ইসলাম, এ কে এম সালাহউদ্দিন, আবু জাফর মো. সালেহ ও মো. লুৎফর রহমানকে সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেলা তিনটার দিকে স্মৃতিচারণা অনুষ্ঠান হয়।