প্রাক্তন সৈনিক সংস্থার ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ বলেছেন, বাংলাদেশের অন্যতম সমস্যা হচ্ছে শৃঙ্খলাবোধের অভাব। বাকি সমস্যাগুলো তা থেকেই উদ্ভূত। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার ষষ্ঠ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ এ কথা বলেন। সারা দেশ থেকে আসা অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা সম্মেলনে অংশ নেন।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম বলেন, যে জাতি তার যোদ্ধাদের শ্রদ্ধা করতে জানে না, সে জাতি কারও কাছ থেকে শ্রদ্ধা পেতেও পারে না। তিনি বলেন, যে দেশে শেয়ারবাজার কেলেঙ্কারি, হল-মার্ক কেলেঙ্কারির মতো দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা চলে যায়, সে দেশে সৈনিকদের এক হাজার ২০০ টাকা ভাতা দেওয়া হয়। অনুষ্ঠানে গ্লোবাল বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদেক খান রাজনৈতিক ও অপরাধবৃত্তির মাধ্যমে দেশে দুর্বৃত্তায়ন সম্প্রসারিত হচ্ছে বলে উল্লেখ করে তা প্রতিরোধে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।সংস্থার উপদেষ্টা মনজুর কাদের বলেন, সৈনিকদের কোনো দিন অবসর হয় না। মৃত্যু পর্যন্ত দৃঢ়তা ধারণ করতে পারলেই সৈনিকের জীবন সার্থক। সম্মেলনে অন্যদের মধ্যে নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার বক্তব্য দেন। সম্মেলনে এম এম মেহেবুব রহমানকে সংস্থার চেয়ারম্যান এবং মোহাম্মদ আলী খানকে মহাসচিব নির্বাচিত করে তিন বছরের জন্য ৪১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।