এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও বরগুনার আমতলী ও তালতলী—দুই উপজেলার ২২৯টি বিদ্যালয়ের ৯ হাজার ৫২৯ শিক্ষার্থীর হাতে এখনো বই পৌঁছায়নি। ফলে এসব খুদে শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেছেন, বই বিতরণ না করায় এসব খুদে শিক্ষার্থীকে বিদ্যালয়ে ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। আর বিদ্যালয়েও পাঠদান করানো যাচ্ছে না।
আমতলী ও তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, আমতলী উপজেলায় ১৫২টি ও তালতলী উপজেলায় ৭৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমতলী উপজেলার এসব বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শাখায় ৬ হাজার ৫০০ ও তালতলী উপজেলায় ৩ হাজার ৫০ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর বিপরীতে দুই উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ৯ হাজার ৫৫০টি প্রাক্-প্রাথমিকের বইয়ের চাহিদাপত্র পাঠানো হয়েছিল। কিন্তু গত ১ জানুয়ারি প্রাথমিকের অন্যান্য শ্রেণির শিক্ষার্থীকে বই বিতরণ করা হলেও প্রাক্-প্রাথমিকের বই দুই উপজেলায় এসে পৌঁছায়নি।
আমতলী উপজেলার হলদিয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থী তানিয়ার বাবা সেলিম মোল্লা বলেন, মেয়েকে বিদ্যালয়ে ভর্তি করানোর পর এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো বই পায়নি। বই না পাওয়ায় মেয়ে এখন বিদ্যালয়ে যেতে চায় না।
তালতলী উপজেলার নিশানবাড়িয়া গ্রামের প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থী রিপনের মা রহিমা বেগম বলেন, ‘বছরের ১ মাস চইল্যা গ্যাছে হ্যারপরেও বাচ্চায় স্কুলের বই পায় নায়। কবে পাইবে হেইয়ারও কোনো ঠিক নাই। সব পোলাপানে বই পাওনে বাচ্চার মন খারাপ, সেইতে এখন আর স্কুলে যাইতে চায় না।’
হলদিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন মোল্লা বলেন, বছরের এক মাসের বেশি সময় চলে গেলেও এখনো প্রাক্-প্রাথমিকের বই না আসায় শিক্ষার্থী ধরে রাখা যাচ্ছে না। বই না পাওয়ায় শিক্ষার্থীদের পাঠদানও করানো যাচ্ছে না।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) জাহিদ উদ্দিন বলেন, ‘সব শ্রেণির বইয়ের চাহিদা একই সময় দেওয়া হয়েছে। কী কারণে প্রাক্-প্রাথমিকের বই এখনো এসে পৌঁছায়নি তা আমার জানা নেই। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা অচিরেই প্রাক্-প্রাথমিকের বই সরবরাহ করবেন বলে আশ্বাস দিয়েছেন।’