নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাজেটে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পৌরসভার ক্যান্টনমেন্ট সড়ক থেকে বিমানবন্দর বন্দর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক প্রশস্ত করে ফোর লেনে রূপান্তর করতে ১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে ওই পথে চলাচলকারী লোকজন দেখতে পাবেন মনোরম ফোয়ারাও।
গতকাল মঙ্গলবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পৌর মেয়র মো. আমজাদ হোসেন এসব কথা বলেন। মেয়রের কার্যালয়ে ওই সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করা হবে।
মেয়র আমজাদ হোসেন বলেন, বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান চালানোর পর যত্রতত্র যাতে কেউ পণ্যের পসরা বসাতে না পারে সে জন্য নিয়মিত মাইকিং ও মনিটরিং করা হচ্ছে। ঈদের পরে দেওয়া হবে ২০১৫ সালের পৌর জুনিয়র ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র। টাউন হলে অনুষ্ঠেয় ওই কর্মসূচিতে পৌর এলাকার ৭ জন গুণী ব্যক্তিকেও সংবর্ধনা স্মারক দেওয়া হবে। সৈয়দপুর পৌরসভা এলাকায় ছুটির দিন শুক্রবার হলিডে মার্কেট চালুর চিন্তাভাবনা করছে পৌরসভা।
মেয়র আমজাদ আরও বলেন, মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিস প্রজেক্টের (এমজিএসপির) আওতায় একটি ডুয়েল কেবিনসমৃদ্ধ ও একটি হাইড্রোলিক রোড রোলার আনা হয়েছে পৌরসভায়। খুব শিগগিরই কয়েকটি গাড়িসহ আবর্জনাবাহী গাড়ি দেওয়া হবে। ফলে পৌরবাসীকে আবর্জনামুক্ত পৌরসভা উপহার দেওয়া সম্ভব হবে। এ ছাড়া অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর চিন্তাভাবনা রয়েছে। জবাবদিহিমূলক পৌর পরিষদ গঠনে সবার সহযোগিতা কামনা করেন পৌর মেয়র।