প্রাক-শৈশবের যত্নে ১৩ সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গতকাল শনিবার ‘প্রাক-শৈশব যত্ন ও শিক্ষা: আমাদের করণীয়’ শিরোনামে একটি মতবিনিময় সভা হয়েছে। সভায় বক্তারা প্রাক-শৈশবে শিশুদের যত্ন ও শিক্ষা বিষয়ে ১৩টি সুপারিশ করেন।
জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সকাল ১০টা থেকে এ সভা হয়। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বেসরকারি সংস্থা কোস্টট্রাস্ট ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজন করে।
সভায় প্রায় ৪০ জন বক্তব্য দেন। বক্তারা সুপারিশ করেন, ভোলা জেলার নদীভাঙনকবলিত ও জেলে পরিবারের শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার অর্থাৎ শিশু শ্রেণির পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এর পাশাপাশি তাঁরা দুর্যোগপ্রবণ এলাকায় শিশুর নিরাপত্তা ও শিক্ষার সুযোগ সৃষ্টি করার সুপারিশ করেন। কারণ, উপকূলীয় এলাকায় নানা দুর্যোগের কারণে বছরের অনেকটা সময় শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটে।
বক্তারা প্রান্তিক সব শিশুকে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার সুপারিশ করেন। প্রাক-শৈশবে শিশুদের শিক্ষা নিয়ে বক্তারা আরও কিছু সুপারিশ করেন। যেমন, বিদ্যালয়ে খাবার দেওয়ার প্রচলন করতে হবে, বিদ্যালয়গুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাক-প্রাথমিক শিক্ষক দরকার এবং প্রশিক্ষণ দিয়ে শিক্ষককে ক্লাসে পাঠাতে হবে।
বক্তাদের সুপারিশগুলোর মধ্যে আরও ছিল গর্ভ থেকে পাঁচ বইটি সরকারিভাবে ছাপিয়ে হাসপাতাল-ক্লিনিক ও অভিভাবকদের মধ্যে বিতরণ করা, শিশুর সঙ্গে করণীয় আচরণের তালিকার বিলবোর্ড গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো, শিশু বিকাশের চারটি ক্ষেত্র ও শিশু শিখনের আটটি ক্ষেত্রের চার্ট তৈরি করে প্রতিটি বিদ্যালয়ে প্রদর্শন করা প্রমুখ।
সভায় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, ভোলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) প্রশিক্ষক জিয়াউদ্দিন আহমদ, নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন, কোস্টট্রাস্টের সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী মশিউর রহমান।