প্রাচীন নিদর্শন ধ্বংস করে ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্নতত্ত্ব আইন অমান্য করে পুণ্ড্রনগরখ্যাত বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ের মাজারসংলগ্ন স্থানে চারতলা ভবন তৈরি করা হচ্ছে। কাজ শুরু করায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে এই কাজ বন্ধ করার জন্য চিঠি দেওয়া হলেও তা মানা হয়নি। মহাস্থান মাজার উন্নয়ন প্রকল্পের অধীনে এই কাজ করা হচ্ছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাস্থান মাজার উন্নয়ন প্রকল্পের অধীনে শাহ সুলতান মাহী সওয়ারের (রা.) মাজারসংলগ্ন স্থানে (যা ‘মহাস্থান মাজার’ নামে পরিচিত) একটি চারতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভবনটি ১০০ ফুট চওড়া ও ৩০ ফুট প্রশস্ত হবে। এ জন্য মহাস্থান মাজার উন্নয়ন প্রকল্প কমিটি নামে ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। এর সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নির্মীয়মাণ ভবনের নিচতলায় নারীদের ইবাদতখানা, রান্নাঘর, দোতলায় এতিমখানা, তৃতীয় তলায় অতিথিশালা হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ নভেম্বর থেকে সেখানে গাছ কেটে খননের কাজ শুরু করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্নতত্ত্ব বিভাগ বিষয়টি জানতে পেরে এর প্রতিবাদ করে এবং ২৭ নভেম্বর মহাস্থান জাদুঘরের কাস্টডিয়ান (জিম্মাদার) নাহিদ সুলতানা এই কাজ বন্ধ করার জন্য প্রকল্প কমিটির বরাবরে চিঠি পাঠান। কিন্তু সেই কাজ গতকাল রোববার পর্যন্ত বন্ধ হয়নি।সরেজমিনে দেখা গেছে, সংরক্ষিত এই জায়গায় খোঁড়াখুঁড়িতে বেরিয়ে এসেছে প্রাচীন ইটের নমুনা। বেশ কিছু পোড়ামাটির ফলক, প্রদীপ ও পাথরের পুরাকীর্তি। খননকালে অনেক নিদর্শন নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্মকর্তারা নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ জানিয়ে ফের গত শবিবার মাজার কমিটিকে চিঠি দিয়েছে।মহাস্থানে বেড়াতে আসা ব্যাংক কর্মকর্তা হেলাল আহমদ মৃধা জানান, এই মাটির নিচে লুকিয়ে আছে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে এভাবে ভবন তৈরি হলে এসব পুরোনো নিদর্শন চাপা পড়ে যাবে। তবে শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেছেন, এখানে কাজ করলে মানুষের সুবিধা হবে।নাহিদ সুলতানা জানান, আইন অনুযায়ী মহাস্থানগড়ের ওই স্পটকে ‘প্রত্ত্বতাত্ত্বিক স্থান’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই আইনে বলা হয়েছে, সংরক্ষিত পুরাকীর্তির কাছে কোনো কিছু নির্মাণ, সৌন্দর্যহানি বা কোনো প্রকার ক্ষতি সাধন করা দণ্ডনীয় অপরাধ।নাহিদ সুলতানা আরও জানান, মাজারসহ পুরো গড় এলাকায় সব ধরনের নির্মাণকাজ বন্ধ করার জন্য ২৭ নভেম্বর মাজার কমিটিকে চিঠি দেওয়া হয়েছে। তার পরও নির্মাণকাজ বন্ধ করা হয়নি। এরপর আবার ৪ ডিসেম্বর চিঠি দেওয়া হয়।মাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ইউএনও লুৎফর রহমান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, বগুড়ার জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।