প্রাচীন নৌকাটি সংরক্ষণে নির্মিত হচ্ছে জাদুঘর
সমুদ্রসৈকত কুয়াকাটায় বালুর নিচ থেকে জেগে ওঠা নৌকা উত্তোলন-পরবর্তী সংরক্ষণ ও প্রদর্শনের জন্য কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের পূর্বপাশে ‘কুয়াকাটা জাদুঘরের’ স্থায়ী অবকাঠামো নির্মাণের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জাদুঘরের ভিত্তিফলক উন্মোচন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. মাহবুবুর রহমান।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বেগম শিরিন আখতার। বিশেষ অতিথির বক্তব্য দেন নৌকা উত্তোলনসংক্রান্ত কারিগরি কমিটির প্রধান ও আন্তর্জাতিক নৌকা বিশেষজ্ঞ ইভাস মারে, জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার মো. রফিকুল হাসান, যশোর ৫৫ পদাতিক ডিভিশনের কর্মকর্তা লে. কর্নেল সৈয়দ মো. তারেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উৎকীর্ণ লিপি ও মুদ্রা শাখার সহকারী পরিচালক আফরোজা খান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. আবদুল বাতেন প্রমুখ। ইভাস মারে বলেন, ‘আমি মনে করি এখনো নৌকার জন্য অনুসন্ধান ও গবেষণা প্রয়োজন। নৌকার পুরো আদল সংস্কারসহ জাদুঘরটি দ্রুত তৈরি করার মাধ্যমে পর্যটকদের জন্য উন্মুক্ত করতে হবে।’প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, প্রশাসনিক অনুমোদন পেয়ে যশোর ও খুলনার সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে একটি দল গত ১ জুলাই থেকে প্রাচীন এই নৌকাটিকে সংরক্ষণ করার নির্ধারিত জায়গায় স্থানান্তর করতে সক্ষম হয়। এ জন্য কুয়াকাটা ঝাউবাগান থেকে নৌকা সংরক্ষণের নির্ধারিত জায়গা পর্যন্ত রেললাইন তৈরি করতে হয়েছে। গত বছরের জুলাইয়ে কুয়াকাটা সৈকতের পূর্বদিকে ঝাউবাগানসংলগ্ন সাগরপারে বালুর মধ্যে কাঠের এই নৌকাটি পাওয়া যায়। প্রথম দিকে নৌকার পুরো কাঠামোর মাত্র দুই ফুট বালুর ওপরে জেগে থাকা অবস্থায় স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। এর ওপরের অংশ নিশ্চিহ্ন ছিল। নৌকাটির দৈর্ঘ্য ৭২ ফুট, প্রস্থ ২৪ ফুট ও উচ্চতা সাড়ে ১০ ফুট। এর আদল বহু পুরোনো ও গর্জন কাঠের তৈরি।