প্রাচীন বাংলার ঐতিহ্যের খোঁজে অগ্রসর বিক্রমপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিক্রমপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানে পাল ও সেন বংশের রাজত্ব ছিল। রামপাল নাম থেকেই বোঝা যায়, এখানে পাল বংশের বিস্তার ছিল।গতকাল শুক্রবার মুন্সিগঞ্জে সদর উপজেলার রঘুরামপুর গ্রামে প্রত্নতাত্ত্বিক খননকাজ এবং আবিষ্কৃত প্রত্ননিদর্শনগুলো পরিদর্শন শেষে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এ খনন কর্মসূচি চলছে। প্রসঙ্গত, রামপাল জায়গা সদর উপজেলার মধ্যে অবস্থিত।গতকাল বেলা তিনটার দিকে অর্থমন্ত্রী প্রথমে রঘুরামপুরে খনন এলাকা ঘুরে দেখেন। এরপর মন্ত্রী পাশের বজ্রযোগিনীর ভাঙ্গা এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রে সংরক্ষিত প্রত্নবস্তুগুলো পরিদর্শন করেন। পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনায় অর্থমন্ত্রী বলেন, ‘অতীশ দীপঙ্কর ও স্যার জগদীশচন্দ্র বসু বিক্রমপুরে জন্মগ্রহণ করেছেন। বিক্রমপুরে রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন। এগুলো খুঁজে বের করতে হবে। অগ্রসর বিক্রমপুর তাদের দুই বছরের খননকার্যে এরই মধ্যে যেসব ঐতিহাসিক নিদর্শন পেয়েছে, তা দেখে আমি অভিভূত। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকা উচিত।’ অর্থমন্ত্রী অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।আলোচনায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন, মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ এম ইদ্রিস আলী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক সফিকুল ইসলাম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলম, পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, প্রকল্প গবেষণা পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমান। বক্তারা মুন্সিগঞ্জে ইদ্রাকপুর কেল্লাকে জাদুঘর হিসেবে ব্যবহারের উদ্যোগ নিলে আবিষ্কৃত প্রত্ননিদর্শনগুলো প্রদর্শনের সুবিধা হবে বলে জানান। অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে এ বিষয়টিকে সমর্থন করেন।অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বিক্রমপুর এলাকায় প্রত্নতাত্ত্বিক খননকাজ শুরু হয় ২০১১ সালের ১৪ এপ্রিল। এ পর্যন্ত সুখবাসপুর, রঘুরামপুর, বজ্রযোগিনী, গুহপাড়া, খানকা প্রভৃতি গ্রামে নয়টি স্থানে খনন করা হয়েছে। এসব জায়গায় বিভিন্ন প্রত্ননিদর্শন পাওয়া গেছে। এর মধ্যে আছে পুরোনো ইট, ইটের দেয়ালের অংশ, মৃৎপাত্রের টুকরা, বিভিন্ন আকৃতির মৃৎপাত্র, পাথরের স্লাব এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ। প্রতিটি পর্যায়ের খননে ইটের পুরু স্তরের পাশাপাশি বেশ কয়েকটি বসতির ধারাবাহিক অনুক্রম দেখা গিয়েছে। বিস্তৃত অঞ্চলজুড়ে এ ধরনের ইটের বিস্তৃতি উন্নত, বিকশিত এবং বিস্তৃত নগরের ইঙ্গিতবাহী।চলতি বছরের ৭ জানুয়ারি শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের খনন। এ পর্যায়ে রঘুরামপুরে পাওয়া গেছে স্তূপসহ তাৎপর্যপূর্ণ একটি স্থাপত্যাংশ। এ পর্যন্ত ৩৫ মিটার দীর্ঘ দুটি সমান্তরাল দেয়াল এবং দুই দেয়ালের মাঝখানে কয়েকটি কক্ষের সাক্ষ্য চিহ্নিত করা হয়েছে। প্রতিটি দেয়ালের প্রশস্ততা আড়াই মিটার। এ ছাড়া এ স্থাপত্যিক কাঠামোর সঙ্গে লাগোয়া একটি কক্ষ এবং কক্ষের ভেতর বর্গাকার চারটি স্তূপ আবিষ্কৃত হয়েছে। কক্ষের কেন্দ্রে বর্গাকার একটি পাথরের বেদিও আছে। স্থাপত্যটির ধরন ও বৈশিষ্ট্য থেকে এটিকে একটি বৌদ্ধবিহার বলে মনে করা হচ্ছে।