প্রাচীন মুদ্রা উদ্ধার
পিরোজপুরের জিয়ানগর উপজেলার একটি পুরোনো বাড়িতে মাটি খননকালে প্রাচীন ছয়টি ধাতব মুদ্রা পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে সাউদখালী গ্রামের হুরমায়ূন খানের বাড়িতে মুদ্রাগুলো পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মুদ্রাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে হুেমায়ূন খানের পুরোনো ঘর ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য শ্রমিকেরা মাটি খনন করছিলেন। এ সময় শ্রমিকেরা ঢাকনাযুক্ত একটি মাটির পাত্র দেখতে পান। শ্রমিক রমিজ উদ্দিন পাত্রটি খুলে তার ভেতর মুদ্রা দেখতে পান। এরপর তিনি মুদ্রাগুলো বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ রমিজের বাড়ি থেকে পাঁচটি ও উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাকের কাছ থেকে একটি মুদ্রা উদ্ধার করে।
তবে ঘটনাস্থলে উপস্থিত আরেক শ্রমিক মো. সবুজ বলেন, ‘ওই পাত্রে আরও মুদ্রা ছিল। রমিজ উদ্দিন তা সরিয়ে ফেলেছেন।’
পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রথম আলোকে বলেন, মুদ্রাগুলো দস্তা ও রুপামিশ্রিত। মুদ্রার উভয় পিঠে ফারসি ভাষা লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো মোগল বা সুলতানি আমলের মুদ্রা।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নিজামুল বলেন, মুদ্রাগুলো আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হবে।