প্রাচীন শিল্পকর্মে 'নবপ্রাণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরাকীর্তির ঐতিহ্য ধরে রাখতে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে ১০–১২ জন মৃৎশিল্পীকে দিনব্যাপী পোড়ামাটির ফলক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। ছবি দেখে সেগুলো তৈরি করছেন মৃৎশিল্পীরা। ছবিটি শুক্রবার বগুড়া শহরের শেখেরকোলা গ্রাম থেকে তোলা l প্রথম আলো
পুরাকীর্তির ঐতিহ্য ধরে রাখতে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে ১০–১২ জন মৃৎশিল্পীকে দিনব্যাপী পোড়ামাটির ফলক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। ছবি দেখে সেগুলো তৈরি করছেন মৃৎশিল্পীরা। ছবিটি শুক্রবার বগুড়া শহরের শেখেরকোলা গ্রাম থেকে তোলা l প্রথম আলো

বগুড়ার মহাস্থানগড়ে পাওয়া দুই হাজার ৪০০ বছরের প্রাচীন সভ্যতার স্থাপত্যশিল্প পোড়ামাটির একটি ‘মালামুখী হংস’। এই অসাধারণ স্থাপত্যশিল্পটির আদলে নতুন করে আরেকটি ‘মালামুখী হংস’ তৈরি করা হয়েছে। মহাস্থানগড়ের স্থাপত্যশিল্পটি দেখে পাশের শেখেরকোলা পালপাড়ায় প্রশিক্ষণে এসে টানা তিন দিনের প্রচেষ্টার পর এর আদলে হুবহু আরেকটি পোড়ামাটির শিল্প তৈরি করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা।
শুধু মহাস্থানগড়ের আদি সভ্যতা নয়, শিল্পীরা নওগাঁর পাহাড়পুর, দিনাজপুরের কান্তজিউ, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে পাওয়া প্রাচীন সভ্যতার পোড়ামাটির নানা শিল্পকর্ম নতুন করে তৈরি করছেন।
প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাচীন সভ্যতার ইতিহাস, প্রত্নসামগ্রী এবং পুরোনো দিনের স্থাপত্যশিল্প এ দেশের শিল্পীদের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রত্নগবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সূফি মোস্তাফিজুর রহমান।
গত শুক্রবার দুপুরে শেখেরকোলা পালপাড়ায় গিয়ে দেখা গেছে, সুভাষ পালের বাড়িতে প্রাচীন যুগের পোড়ামাটির শিল্প তৈরির রীতিমতো যজ্ঞ চলছে। বাগেরহাট, পাহাড়পুর, কান্তজিউ ও মহাস্থানগড় এলাকা থেকে প্রাচীন যুগের পোড়ামাটির শিল্পকর্ম তৈরির প্রশিক্ষণ নিতে এসেছেন আটজন পেশাদার শিল্পী। শিল্পীদের হাতে-কলমে শিল্পকর্ম তৈরির কৌশল শেখাচ্ছেন দলনেতা সূফি মোস্তাফিজুর রহমান ও তাঁর দলের সদস্যরা।
দুই ভাই মিন্টু কুমার মালাকার ও রিন্টু কুমার মালাকার জয়পুরহাটের সুকতাহার গ্রাম থেকে এখানে প্রশিক্ষণ নিতে এসেছেন। মিন্টু বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে মাস্টার্স এবং রিন্টু একই কলেজে ব্যবস্থাপনা বিষয়ে পড়ছেন। রিন্টু কুমার মালাকার বলেন, বাবা কার্ত্তিক চন্দ্র মালাকার একজন প্রতিমাশিল্পী। বাবার সঙ্গে শৈশব থেকে তাঁরাও প্রতিমা তৈরির কাজ করেছেন। বাড়ির কাছেই পাহাড়পুর বৌদ্ধবিহার। সেখানে পোড়ামাটির স্থাপত্যশিল্প দেখে তিনি মুগ্ধ। এই প্রশিক্ষণের পর প্রাচীন বাংলার আড়াই হাজার বছরের ইতিহাস বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এটাকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে আছে।
সূফি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে পাওয়া পোড়ামাটির শিল্পকর্মের মধ্য দিয়ে বাংলার প্রাচীন সভ্যতার ইতিহাস, জীবনধারা, জীববৈচিত্র্য, প্রকৃতির যেসব চিত্র উঠে এসেছে তা অসাধারণ। এত দিন বিদেশি পর্যটকেরা এসব পুরাকীর্তি দেখতে এসে স্মৃতি হিসেবে কিছুই নিয়ে যেতে পারতেন না। অথচ তাজমহল দেখতে গিয়ে পর্যটকেরা সেখান থেকে তাজমহলের আদলের শিল্পকর্ম নিয়ে আসতে পারেন। এই দিক বিবেচনা করে প্রাচীন সভ্যতার এই শিল্পকর্মগুলোকে নতুন করে প্রাণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে দেশের প্রত্নতত্ত্ব সম্পর্কে বিদেশি পর্যটকেরা যেমন স্বচ্ছ ধারণা পাবেন, তেমনি উয়ারী-বটেশ্বরের আড়াই হাজার বছরের পুরোনো ইতিহাস, জীবন, সংস্কৃতিও বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হবে। আর বিলুপ্তির পথে থাকা মৃৎশিল্পীরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।