বগুড়ার মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক স্থাপনার আশপাশে নিয়মবহির্ভূত ইমারত নির্মাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে সেখানকার মাজার উন্নয়ন কমিটির সভাপতি মমতাজ উদ্দিনকে ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্মাণসামগ্রী অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিন আইনজীবী রিটটি করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে ঐতিহাসিক নিদর্শন মহাস্থানগড়ের আশপাশের এলাকায় ভবন নির্মাণ বন্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সংস্কৃতিসচিব, স্বরাষ্ট্রসচিবসহ আটজনকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া নির্দেশ বাস্তবায়নের পরবর্তী পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, প্রাচীন মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজাদের রাজধানী ছিল মহাস্থানগড়। এটি রক্ষায় সরকারের দায়িত্ব রয়েছে। আইনের বিধান অনুসারে ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। মনজিল মোরসেদ বলেন, মাজার উন্নয়ন কমিটির নামে বহুতল ভবন নির্মিত হলে মহাস্থানগড়ের বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হবে। দেশি-বিদেশি পর্যটকেরা এর স্বাভাবিক সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হবে। শুনানির পর আদালত রুল জারি করে আদেশ দেন। বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে মহাস্থান মাজার কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত ২৭ নভেম্বর থেকে হজরত শাহ সুলতান মাহী সওয়ার (রা.)-এর মাজারসংলগ্ন স্থানে চারতলা ভবনের নির্মাণকাজ শুরু করে। ১০০ন্৩০ ফুট মাপের ওই ভবন নির্মাণের জন্য ব্যয় ধরা হয় ৪৫ লাখ টাকা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক বদরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাইকোর্টের আদেশের কথা নিশ্চিত করে বলেন, বগুড়া জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে মাজার উন্নয়ন কমিটিকে চিঠি দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করেছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান জানান, জেলা প্রশাসক মাজার উন্নয়ন কমিটিকে কাজ বন্ধ করার যে চিঠি দিয়েছে, সেই চিঠি তাঁকে অবগতির জন্য দেওয়া হয়েছে। মহাস্থান জাদুঘরের জিম্মাদার (কাস্টডিয়ান) নাহিদ সুলতানা আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এর মাধ্যমে ঐতিহাসিক নিদর্শন রক্ষা করার সুযোগ তৈরি হয়েছে।’ মহাস্থান মাজার কমিটির সভাপতি ও বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. ইফতেখারুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কাজ বন্ধের কথা জানান। ডিসি বলেন, আদালতের এই আদেশের কাগজ না এলেও খবরটি জানামাত্রই সেখানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ বিষয়ে গত সোমবার প্রথম আলোসহ একাধিক জাতীয় দৈনিকে সচিত্র খবর প্রকাশিত হয়।