প্রাচীন স্থাপনায় পুলিশ ফাঁড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর ঐতিহ্যবাহী দালান বড়কুঠি। এই ভবনেই স্থাপন করা হচ্ছে পুলিশ ফাঁড়ি l ছবি: প্রথম আলো
রাজশাহীর ঐতিহ্যবাহী দালান বড়কুঠি। এই ভবনেই স্থাপন করা হচ্ছে পুলিশ ফাঁড়ি l ছবি: প্রথম আলো

তিন বছর আগে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে ডাচদের তৈরি নগরের সবচেয়ে প্রাচীন দালান বড়কুঠিকে ‘হেরিটেজ’ ঘোষণার উদ্যোগ নেওয়া হয়। তখন দুই ডাচ আর্কিভিস্ট বড়কুঠি পরিদর্শন করে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এরই মধ্যে সিটি করপোরেশনের মেয়র বদল হয়েছে। সেই উদ্যোগও আর আলোর মুখে দেখেনি। এখন ওই বড়কুঠিতেই নগরের মালোপাড়া পুলিশ ফাঁড়ি স্থানান্তর করা হচ্ছে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (আবদুস) সোবহান বলেন, মালোপাড়া পুলিশ ফাঁড়িটি এখন বড়কুঠিতে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। ভবনটিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ক্লাব থাকার কারণে এর মাঝখান দিয়ে দেয়াল তোলা হবে। এরপর পুলিশ সেখানে যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানউদ্দিন বলেন, মালোপাড়া ফাঁড়ি সংস্কারের কাজ চলছে। সেই জন্য অস্থায়ীভাবে পুলিশকে এটা ব্যবহার করতে দেওয়া হয়েছে। সংস্কারকাজ শেষ হলেই পুলিশ চলে যাবে। ঐতিহ্যবাহী স্থাপনার মাঝখান দিয়ে দেয়াল তোলার ব্যাপারে তিনি বলেন, ক্লাব থেকে ফাঁড়িটি আলাদা করার জন্য দেয়াল তোলা হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। মহানগরের ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন, পর্যটন এবং গবেষণায় সহায়তা করার অংশ হিসেবে বড়কুঠি সংস্কারের পর হেরিটেজ ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা সিটি করপোরেশনকে হস্তান্তরও করতে চেয়েছিল। ডাচ আর্কিভিস্টরা তখনই নেদারল্যান্ডসের রোটারি ক্লাবের সঙ্গে আলোচনা করে। তাঁরা বলেছিলেন, বাংলাদেশের মধ্যে ডাচদের নির্মিত যতগুলো ভবন রয়েছে তার মধ্যে বড় কুঠিই সবচেয়ে প্রাচীন। গবেষণার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তাঁরা এ কুঠির সংরক্ষণ ও পর্যটনকেন্দ্র নির্মাণের জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, বড়কুঠি হস্তান্তর করার ব্যাপারে নানান জটিলতা সৃষ্টি হওয়ায় এটিকে হেরিটেজ ঘোষণার কাজ আর এগোয়নি।
পরিবেশবাদী সংগঠন হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাতা মাহাবুব সিদ্দিকী বলেন, এই স্থাপনা প্রত্নতত্ত্ব বিভাগ ছাড়া কারও কাছে হস্তান্তর করা উচিত নয়। আর যেকোনো মূল্যে এটা পুলিশকে দেওয়ার হাত থেকে ঠেকানো উচিত।
অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে ডাচরা রাজশাহী শহরে রেশম ও অন্যান্য জিনিসের ব্যবসা শুরু করে। ওই শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময় তারা বড়কুঠি নির্মাণ করে। ব্যবসায়ীদের কাছে এটা ‘ডাচ ফ্যাক্টরি’ হিসেবে পরিচিত ছিল। তবে স্থানীয়ভাবে এই স্থাপনাকে ‘বড়কুঠি’ বলা হয়। প্রবীণ ব্যক্তিরা মনে করেন, বড়কুঠি নির্মাণকালে এর চেয়ে বড় কোনো ইমারত রাজশাহী শহরে ছিল না। আশপাশের সব নীলকুঠির মধ্যে এটিই সবচেয়ে বড় হওয়ায় এর নাম বড়কুঠি হয়েছিল। দেশভাগের পর ১৯৫১ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বড়কুঠি সরকারি সম্পত্তিতে পরিণত হয় এবং খাদ্য বিভাগের অফিস হিসেবে ব্যবহৃত হতে থাকে। ১৯৫৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে বড়কুঠি বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা হয়। বর্তমানে বড়কুঠি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ক্লাব হিসেবে ব্যবহৃত হচ্ছে।