প্রাচীনকাল থেকেই বাংলা ব্যবসা-বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল ছিল। এই অঞ্চলটি বৈদেশিক বাণিজ্যের একটি ট্রানজিট হিসেবে ব্যবহার হতো।
জাতীয় জাদুঘরে সংরক্ষিত অপ্রকাশিত কুষাণ মুদ্রাবিষয়ক সেমিনারে বক্তারা এ মত দেন। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের আয়োজনে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খ্রিষ্ট জন্মের পর প্রথম তিন শতককে কুষাণ আমল ধরা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় জাদুঘরের সহকারী কিপার শরিফুল ইসলাম। তাঁর প্রবন্ধে বলা হয়, মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের রাজনৈতিক ঐক্য দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে বহিরাগত জাতি ভারতে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে। প্রথমে গ্রিক, পরে শক-পার্থিয়ান ও শেষে কুষাণরা আসে। কুষাণরা ভারতবর্ষে উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল দখল করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ব্যবসায়িক লেনদেনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও কুষাণ মুদ্রার প্রচলন ঘটে।
জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক এনামুল হক বলেন, শুধু মুদ্রা দিয়ে কোনো সাম্রাজ্যের অস্তিত্ব থাকার বিষয়ে নিঃসন্দেহে সিদ্ধান্ত দেওয়া যায় না। তবে প্রাচীন আমল থেকেই বাংলা অঞ্চল ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেমিনারে সভাপতি আবদুল মমিন চৌধুরী বলেন, কুষাণ মুদ্রা নিয়ে যে আলোচনার সূত্রপাত ঘটেছে, তা দেশের ইতিহাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।