প্রাচীর তুলে বিদ্যালয়ের ফটক বন্ধ করে দিলেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটক প্রাচীর তুলে বন্ধ করে দিয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রোকনুজ্জামান। বিদ্যালয়টির একমাত্র প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। প্রতিবাদে আজ শনিবার মানববন্ধনের কর্মসূচি পালনের ডাক দিয়েছে তারা।
২৬ ডিসেম্বর ইটের পাকা প্রাচীর তুলে বিদ্যালয়টির প্রধান ও একমাত্র ফটক বন্ধ করে দেন ওই নেতা। প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ২৭ ডিসেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসককে লিখিতভাবে বিষয়টি জানালেও গতকাল শুক্রবার পর্যন্ত প্রাচীরটি অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, আজ শনিবারের মধ্যে প্রাচীর অপসারণ করা না হলে আগামীকাল রোববারের জাতীয় বই উৎসবও ব্যাহত হবে।
১৯৬১ সালে ২ একর ২১ শতক জমির ওপর খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৭৯০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। সেখানে জাতীয় আন্তস্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি চলাকালে মো. রোকনুজ্জামান প্রাচীর তুলে ফটক বন্ধ করে দেন। এতে সার্বিক কার্যক্রম বন্ধ হয়।
সরেজমিনে দেখা গেছে, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সদ্য ইটের তৈরি তিন ফুট উঁচু প্রাচীর। পূর্বদিকে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মাঝখানে সীমানাপ্রাচীর তৈরির জন্য রড সাজানো এবং পাশেই ইট ও বালুর স্তূপ। খোঁজ নিয়ে জানা গেল, নির্মাণাধীন এই প্রাচীর নিয়েই বিরোধের সূত্রপাত এবং এর জের ধরেই মাধ্যমিক বিদ্যালয়ের ফটক প্রাচীর তুলে বন্ধ করা হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দীর্ঘদিন কোনো প্রাচীর না থাকায় বিদ্যালয় চত্বরে গরু-ছাগলসহ বহিরাগত ব্যক্তিদের অবাধ চলাচল ছিল। এতে নিরাপত্তা ও পাঠদান ব্যাহত হতো। ২০১৩ সালে তিনদিকে প্রাচীর দেওয়া হলেও অর্থাভাবে পূর্বদিকের ১৯০ ফুট বাকি থাকে। জেলা পরিষদের অর্থায়নে ২৩ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হলে একটি মহল বাধা দেয়। তাদের ভাষ্য, মাধ্যমিক বিদ্যালয়ের সীমানার মধ্যে পাশের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি পাওনা আছে। অথচ ২২ ডিসেম্বর দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে জমি মাপজোখ করেই কাজ শুরু করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান উভয় পক্ষের উপস্থিতিতে মাপজোখ করার বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রধান শিক্ষক দাবি করেন, মধ্যবর্তী স্থানে পুরোপুরি প্রাচীর উঠলে প্রাথমিক বিদ্যালয়সহ গ্রামে ঈদগাহ ময়দান ও একটি পারিবারিক কবরস্থানে প্রবেশপথ বন্ধ হয়ে যাবে। যে কারণে সংকট দেখা দিয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুর রহমান বলেন, সীমানাপ্রাচীর না থাকায় বখাটেরা বিদ্যালয় চত্বরে ঢুকে মেয়েদের উত্ত্যক্ত করে। এ ছাড়া সেখানে একটি কম্পিউটার ল্যাবসহ মূল্যবান জিনিস রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রাচীর তৈরি করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ ও কবরস্থানে চলাচলের জন্য নির্মাণাধীন প্রাচীরের মাঝখানে একটি বড় দরজা রাখা হচ্ছে। সে হিসাবে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
মো. রোকনুজ্জামান দাবি করেন, বিদ্যালয়ের ফটক তাঁদের পারিবারিক জমিতে অবস্থিত, তাই ঘিরে দিয়েছেন। বিদ্যালয় প্রতিষ্ঠার ৫৫ বছর পর জমির দাবি করা হচ্ছে কেন? এমন প্রশ্নে তিনি বলেন, এত দিন মানবিক কারণে খোলা ছিল। যারা প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ ও কবরস্থানে প্রবেশের পথ বন্ধ করতে পারে, তাদের কোনো ছাড় নেই।
রোকনুজ্জামানের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ফটকের সামনে রোকনুজ্জামানদের ৮ থেকে ১০ ফুট জমি থাকলেও বিনিময়ে তাঁদের বাড়ির দিকে ৬০০ বর্গফুট জায়গা ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টি শোনার পর সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।