প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিজয়নগরে বহুতল ভবন নির্মাণের জন্য খোঁড়া গর্তে মাটি ধসে একটি দেয়াল ভেঙে পড়েছে। ফাটল ধরেছে রাস্তাতেও। গতকাল সোমবার সকালে বৃষ্টির তোড়ে ওই ঘটনা ঘটে। এতে মাটির নিচের গ্যাসের পাইপ ফেটে গেলেও দ্রুত মেরামত করায় কোনো অঘটন ঘটেনি। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীতে আধা ঘণ্টার বেশি সময় ধরে মুষলধারে বৃষ্টি হয়। এ সময় স্কাউট মার্কেটের পাশে পুরানা পল্টন লেনের ৭১ নম্বর হোল্ডিংয়ের সীমানাপ্রাচীর ও ২৫ ফুট চওড়া রাস্তার এক পাশ ধসে পড়ে। রাস্তার বিভিন্ন জায়গায় ফাটলও দেখা দেয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পল্টন থানার ওসি মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।