প্রাচীর না থাকায় আতঙ্ক

রংপুরের তারাগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কের পাশেই দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সড়ক ঘেঁষেই বিদ্যালয় দুটির খেলার মাঠ। কিন্তু মাঠের নেই কোনো সীমানাপ্রাচীর। এদিকে মহাসড়কটি দিয়ে প্রতি মুহূর্তে ছুটে চলেছে দ্রুতগতির যানবাহন। সীমানাপ্রাচীর না থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এই বিদ্যালয় দুটির শিক্ষক ও অভিভাবকদের।
এ অবস্থা তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর এবং কুর্শা পাকজান সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটির। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ঘনিরামপুর বিদ্যালয়ে বর্তমানে ৪৪৪ এবং ১৯৯২ সালে প্রতিষ্ঠিত কুর্শা বিদ্যালয়ে ২১০ জন শিক্ষার্থী রয়েছে। গত শনিবার সরেজমিনে বিদ্যালয় দুটি ঘুরে দেখা যায়, মহাসড়কটি দিয়ে দ্রুতগতিতে ছুটে চলেছে নানা যানবাহন। পাশের মাঠেই খেলাধুলায় মেতেছে শিশুরা। খেলার মাঠ পেরিয়ে ফুটবল ও ক্রিকেটের বল মহাসড়কের অন্য পাশে চলে যাচ্ছে। শিক্ষার্থীরা যানবাহন উপেক্ষা করে ছুটছে বল আনতে।
কুর্শা পাকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ময়না খাতুন বলে, ‘খেলতে গিয়ে অনেক সময় তো বল আনতে রাস্তার ওপাশে যেতেই হয়। স্কুলে দেয়াল থাকলে বল আর সহজে রাস্তার ওপারে যেত না।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হোসেন বলেন, মাঠটি একেবারে মহাসড়কের পাশে হওয়ায় শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে থাকে। বাচ্চারা মাঠে ছোটাছুটি করবেই। ওদের সব সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। বলের পেছন পেছন ওরা রাস্তার ওপর উঠে যায়। এ রাস্তায় সব ধরনের যান চলাচল করে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
প্রধান শিক্ষক এলাহী বকস বলেন, ‘বিদ্যালয়টির সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার অনুরোধ করেছি। পাঁচ মাস আগে উপজেলা চেয়ারম্যানকেও বলেছি। কিন্তু কাজ হয়নি।’
ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিদা বেগম বলেন, ‘শিশুরা কিছু বোঝে না। বিদ্যালয়ে টিফিন হলে হৈ-হুল্লোড় করে মাঠে ছুটে যায়। মহাসড়কের কারণে শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে এ মাঠে খেলাধুলা করে আসছে। এ কারণে আমরা শিক্ষকেরাও বিদ্যালয়ের শিশুদের নিয়ে বিচলিত থাকি।’
এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ছয় মাস আগে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদন করেছি। কিন্তু এখনো সীমানাপ্রাচীর নির্মাণ না করায় শিশুদের নিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।’
ঘনিরামপুর গ্রামের অভিভাবক জয়নাল আবেদীন বলেন, ‘শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে আমরা উৎকণ্ঠায় থাকি। বাচ্চারা তো কিছু বোঝে না। তারা মাঠের পাশ দিয়ে যাওয়া মহাসড়কে উঠে যায় খেলতে খেলতে।’
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘ওই বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। খুব শিগগিরই বিদ্যালয় দুটির সীমানাপ্রাচীর নির্মাণ করে দেওয়া হবে।’