রংপুরের তারাগঞ্জ থানা সংস্কারের নামে গত দুই অর্থবছরে টিআরের বরাদ্দ আত্মসাতের ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঘটনা ধামাচাপা দিতে গতকাল বৃহস্পতিবার থেকে থানার সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কাজ গত জুনে সমাপ্ত দেখানো হয়েছিল।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান থানায় পাকা সীমানাপ্রাচীর নির্মাণকাজ গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করার কথা জানিয়ে বলেন, ‘টিআরের টাকা জমা ছিল, দেরিতে হলেও কাজ করেছি।’
গত বুধবার প্রথম আলোয় ‘থানা সংস্কারের নামে টিআর আত্মসাৎ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের সূত্র ধরে গত বুধবার রংপুরের পুলিশ সুপারের নির্দেশে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হুমায়ুন আহম্মেদের নেতৃত্বে একটি ও গতকাল বৃহস্পতিবার তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তিন সদস্যের অন্য আরেকটি কমিটি গঠন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সমির চন্দ্র ঘোষকে আহ্বায়ক করে ইউএনও গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান ও উপজেলা ভেটেরিনারি সার্জন (ভিএস) নুরে এলাহী।
গত দুই অর্থবছরে রংপুরের তারাগঞ্জ থানা সংস্কারের নামে টিআরের আট টন চাল বরাদ্দ দেওয়া হয়। এ চালে তিনটি পৃথক প্রকল্প কমিটি গঠন করা হয়। কমিটিগুলোতে বিধিবহির্ভূতভাবে ছিলেন থানার ওসি মোস্তাফিজার রহমানসহ পুলিশের সদস্যরা। অভিযোগ রয়েছে, ওই চাল তুলে কাজ না করে আত্মসাৎ করা হয়েছে।