প্রাচীর নেই, ঝুঁকিতে শিক্ষার্থীরা
লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়ক ঘেঁষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আরাজি উপেনচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু সীমানাপ্রাচীর না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মাঠে ক্রিকেট ও ফুটবল খেলার সময় বল প্রায়ই সড়কে চলে যায়। সীমানাপ্রাচীর না থাকায় বল আনতে গিয়ে শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া সড়ক পেরিয়ে বিদ্যালয়ে যাতায়াত করার সময়ও ঘটতে পারে দুর্ঘটনা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮৪০ সালে উপজেলার বুড়িমারী ইউনিয়নে ৭৫ শতাংশ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে নয়জন শিক্ষক ও ৫১৮ জন শিক্ষার্থী আছে। ১৯৮৮ সালে বুড়িমারী স্থলবন্দর প্রতিষ্ঠার পর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কটির গুরুত্ব অনেক বেড়ে যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন পণ্যবাহী ৫০০ থেকে ৬০০ ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিদিকুর শামিম, আতিকা ও তৃপ্তি বলে, খেলতে গিয়ে অনেক সময় ফুটবল সড়কের ওপারে চলে যায়। তা আনতে ওপাশে যেতে হয়। সীমানাপ্রাচীর থাকলে সহজে বল আর রাস্তায় যেত না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিদ্যালয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করা জরুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।